নিজস্ব প্রতিবেদক, বরিশাল: একটি সুন্দর ও বাসযোগ্য পৃথিবী গড়ার লক্ষ্যে কনজ্যুমারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব) বরিশাল জেলা এবং সংগঠনটির সহযোগী সংগঠন ক্যাব ইয়ুথ ফোরাম অব বরিশালের উদ্যোগে নগরীর ব্রজমোহন বিদ্যালয় (বিএম স্কুল) প্রাঙ্গণে শতাধিক বৃক্ষরোপণ করা হয়েছে। সোমবার (২৪ আগস্ট) বিকেলে আয়োজিত এ কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরিশালের বিভাগীয় কমিশনার মো. খলিল আহমেদ। এ সময় তিনি বলেন, “বৃক্ষ আমাদের জীবনের অপরিহার্য অংশ। পরিবেশের ভারসাম্য রক্ষা, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য বাসযোগ্য পরিবেশ নিশ্চিত করতে বৃক্ষরোপণের কোনো বিকল্প নেই। বৃক্ষ বাঁচলে পরিবেশ বাঁচবে, আর পরিবেশ বাঁচলেই মানুষ নিরাপদে বাঁচতে পারবে। তাই প্রত্যেককে নিজ নিজ অবস্থান থেকে বৃক্ষরোপণ ও বৃক্ষের পরিচর্যায় এগিয়ে আসতে হবে।” ক্যাবের কার্যক্রমের প্রশংসা করে বিভাগীয় কমিশনার বলেন, “ক্যাব ভোক্তাদের অধিকার ও জনস্বার্থে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। তবে ভোক্তা অধিকার সংরক্ষণে আরও সক্রিয় ও নিয়মিত কার্যক্রম পরিচালনা করা প্রয়োজন। খাদ্যে ভেজাল, ওজনে কারচুপি, নকল ও নিম্নমানের পণ্যসহ বিভিন্ন অনিয়মের বিরুদ্ধে জনসচেতনতা তৈরির পাশাপাশি সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে সঙ্গে নিয়ে সমন্বিতভাবে কাজ করতে হবে।” তিনি খাদ্য ও ভোক্তা অধিকার সংশ্লিষ্ট সরকারি দপ্তরগুলোকে নিয়মিত অভিযান পরিচালনার পাশাপাশি ক্যাবের কার্যক্রমে প্রয়োজনীয় সহযোগিতা করার আহ্বান জানান। একই সঙ্গে ভোক্তাদের অধিকার রক্ষায় ক্যাবের পাশে থাকার আশ্বাস দিয়ে জনস্বার্থসংশ্লিষ্ট যেকোনো অনিয়মের তথ্য বিভাগীয় প্রশাসনকে অবহিত করার জন্য সংগঠনটির নেতৃবৃন্দের প্রতি আহ্বান জানান। এসময় তিনি ক্যাবের বৃক্ষরোপণ কর্মসূচিতে ২৫০টি বৃক্ষ উপহার দেন। ক্যাব ইয়ুথ ফোরাম অব বরিশালের আহ্বায়ক মুহম্মদ ইমন খন্দকার হৃদয় বলেন, “ভোক্তাদের অধিকার রক্ষার পাশাপাশি পরিবেশ সংরক্ষণেও আমাদের দায়িত্ব রয়েছে। ভোক্তা অধিকার লঙ্ঘনের বিরুদ্ধে জনসচেতনতা তৈরির জন্য আমরা নিয়মিতভাবে কাজ করছি। তবে সরকারি প্রতিষ্ঠানগুলোর আরও সক্রিয় সহযোগিতা পেলে আমাদের কার্যক্রম আরও গতিশীল হবে। পরিবেশের ভারসাম্য রক্ষায় বৃক্ষরোপণ একটি কার্যকর উদ্যোগ। সেই দায়িত্ববোধ থেকেই আমাদের এই কর্মসূচি।”
বরিশাল ক্যাবের সাধারণ সম্পাদক রণজিৎ দত্ত বলেন, “পরিবেশ রক্ষায় বৃক্ষরোপণের গুরুত্ব অপরিসীম। একটি বৃক্ষ শুধু পরিবেশের ভারসাম্যই রক্ষা করে না, মানুষের জীবন ও ভবিষ্যৎ প্রজন্মের জন্যও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। আমরা ভোক্তা অধিকার সংরক্ষণের পাশাপাশি পরিবেশ রক্ষায়ও কাজ করতে চাই। এ ধরনের জনকল্যাণমূলক কার্যক্রম সফল করতে সবার সম্মিলিত সহযোগিতা প্রয়োজন।” কর্মসূচিতে উপস্থিত ছিলেন বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই) বরিশালের উপপরিচালক মো. হাবিবুর রহমান, জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর বরিশালের উপপরিচালক অপূর্ব অধিকারী, বরিশাল সিটি করপোরেশনের প্রধান পরিচ্ছন্নতা কর্মকর্তা মো. ইউসুফ আলী, কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মামুন ইসলাম, বরিশাল জেলা ঔষধ তত্ত্বাবধায়ক কার্যালয়ের সহকারী পরিচালক মো. আব্দুল বারী, বরিশাল জেলা খাদ্য নিয়ন্ত্রক কর্মকর্তা এস. এম. তাহসিনুল হক, বরিশাল রিপোর্টার্স ইউনিটির সাধারণ সম্পাদক মো. খালিদ সাইফুল্লাহ, অমৃত লাল দে কলেজের সাবেক অধ্যক্ষ সুভাষ চন্দ্র পাল, সচেতন নাগরিক কমিটি (সনাক)-এর সাবেক সভাপতি প্রফেসর শাহ সাজেদা, বরিশাল জেলা নিরাপদ খাদ্য কর্মকর্তা সাগর মল্লিক, ব্রজমোহন বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. মোমেন উদ্দীন, পরিবেশকর্মী ও ক্যাব ইয়ুথ ফোরামের উপদেষ্টা অ্যাডভোকেট সুভাষ চন্দ্র দাশ এবং ক্যাব ইয়ুথ ফোরাম অব বরিশালের সদস্য সচিব মো. শিহাব উদ্দীন প্রমুখ। এছাড়াও বরিশাল জেলা ক্যাব ও ইয়ুথ ফোরামের নেতৃবৃন্দসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।
Daily Bangladesh Bani বৈষম্য ও অন্যায়ের বিরুদ্ধে আমাদের দৈনিক প্রতিশ্রুতিবদ্ধ। আমরা সত্য ও ন্যায়ের পক্ষে দাঁড়িয়ে, সমাজের অন্ধকার দিকগুলো উন্মোচন করে প্রতিটি মানুষের সমান অধিকারের প্রচার করি।