সোমবার, আগস্ট ২৪, ২০২৬

লোহার পুল খুলে নেওয়ায় চারদিন ধরে দুর্ভোগে তিন গ্রামের মানুষ

বুলবুল আহমেদ, রাজাপুর প্রতিনিধি: ঝালকাঠির রাজাপুরে জরাজীর্ণ একটি লোহার পুল খুলে নেওয়ার পর চারদিন ধরে চরম দুর্ভোগে পড়েছেন তিন গ্রামের মানুষ। উপজেলার সাতুরিয়া ইউনিয়নের উত্তর তারাবুনিয়া এলাকায় এদবর বাড়ির সামনে করোমউল্লা খালের ওপর নির্মিত প্রায় ৪০ ফুট দীর্ঘ ও ৬ ফুট প্রস্থের পুলটি খুলে নেওয়ায় এ পরিস্থিতির সৃষ্টি হয়েছে।
সাতুরিয়া ইউনিয়ন পরিষদ সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে পুলটি জরাজীর্ণ অবস্থায় ছিল। পুলের নিচ দিয়ে নৌযান চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টি হওয়ায় কয়েক মাস আগে স্থানীয় সংরক্ষিত নারী ইউপি সদস্য ফিরোজা খানমের আবেদনের পরিপ্রেক্ষিতে পুলটি অপসারণের সিদ্ধান্ত নেওয়া হয়।
স্থানীয়রা জানান, পুলটি জরাজীর্ণ হওয়ায় দীর্ঘদিন ধরে সুপারি গাছ ও কাঠের সাহায্যে ঝুঁকি নিয়ে চলাচল করতেন তারা। গত শুক্রবার দুপুরে সাতুরিয়া ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক মো. মামুন আকন, মো. জাহিদুল ইসলাম ও মো. নজরুল ইসলাম টানা মেশিনসহ শ্রমিক নিয়ে পুলটির লোহার মালামাল খুলতে শুরু করেন। এ সময় স্থানীয়রা বাধা দিয়ে উপজেলা প্রকৌশলীকে বিষয়টি জানান। পরে প্রকৌশলীর লোকজন ঘটনাস্থলে গিয়ে পুলের মালামালের তালিকা করে তা স্থানীয় পরিষদের জিম্মায় দেন।
স্থানীয় বাসিন্দা মো. শহিদুল ইসলাম বলেন, ‘দীর্ঘদিন ধরে পুলটি জরাজীর্ণ ছিল। আমরা জোড়াতালি দিয়ে চলাচল করতাম। চার দিন ধরে পুলটি না থাকায় চরম দুর্ভোগে আছি। দ্রুত নতুন পুল নির্মাণের দাবি জানাই।’
মো. রুস্তুম হাওলাদার বলেন, প্রতিদিন তিনটি ওয়ার্ডের স্কুল, কলেজ ও মাদ্রাসার শিক্ষার্থীসহ সহস্রাধিক মানুষ এই পুল দিয়ে চলাচল করতেন। এ ছাড়া এপারের অধিকাংশ মানুষের জমিজমা খালের ওপারে। পুল না থাকায় জমিতে চাষাবাদ ও ফসল আনা-নেওয়া নিয়েও তারা দুশ্চিন্তায় রয়েছেন।
অভিযোগের বিষয়ে সাতুরিয়া ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক মো. মামুন আকন বলেন, ‘আমি সামাজিক কাজের সঙ্গে জড়িত। ইউপি নারী সদস্য ফিরোজা খানমের অনুরোধে তাকে সহযোগিতা করেছি। এখানে আমার কোনো দায় নেই।’
সাতুরিয়া ইউপি চেয়ারম্যান সৈয়দ মাঈনুল হায়দার নিপু বলেন, ‘সংরক্ষিত নারী ইউপি সদস্য ফিরোজা খানমের আবেদনের পর পুলের মালামাল সংরক্ষণের জন্য সচিবকে ব্যবস্থা নিতে বলা হয়েছিল। স্থানীয় একজন সামাজিক কাজে জড়িত ব্যক্তি পুলটি ভাঙা দেখে ব্যবস্থা নিতে গিয়ে খুলতে শুরু করেন। বর্তমানে পুলের মালামাল পরিষদের হেফাজতে রয়েছে। জনসাধারণের দুর্ভোগ লাঘবে দ্রুত ব্যবস্থা নেওয়া হবে।’
এ বিষয়ে রাজাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রিফাত আরা মৌরি বলেন, ‘ঘটনাটি তদন্ত করে দেখা হবে। কোনো অপরাধ হয়ে থাকলে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’

আরো পড়ুন

ক্যাব ইয়ুথ ফোরাম অব বরিশালের উদ্যোগে বরিশালে শতাধিক বৃক্ষরোপণ

নিজস্ব প্রতিবেদক, বরিশাল: একটি সুন্দর ও বাসযোগ্য পৃথিবী গড়ার লক্ষ্যে কনজ্যুমারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব) বরিশাল …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *