শনিবার, অক্টোবর ১০, ২০২৬

ঘুমন্ত নারীর কান ছিঁড়ে সোনার দুল নিয়ে গেল চোর, এলাকায় আতঙ্ক

মুলাদী প্রতিনিধি : বরিশালের মেহেন্দীগঞ্জে ঘরের টিন কেটে ভেতরে ঢুকে ঘুমন্ত এক গৃহবধূর দুই কান ছিঁড়ে সোনার দুল নিয়ে গেছে চোর। এতে ওই নারীর কানে মারাত্মক জখম হয়েছে। একই রাতে ওই ঘরের আরেক নারীর নাকের গহনা ছিনিয়ে নেওয়ার চেষ্টা চালিয়ে ব্যর্থ হয় চোর চক্র।

সোমবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে মেহেন্দীগঞ্জ উপজেলার আলীমাবাদ ইউনিয়নের চরমহিষা গ্রামের শাহজাহান হাওলাদারের বাড়িতে এ ঘটনা ঘটে। ভুক্তভোগী রহিমা বেগম (৫৫) শাহজাহান হাওলাদারের স্ত্রী।

স্থানীয় সূত্র জানায়, রাতের আঁধারে দুর্বৃত্তরা ঘরের এক পাশের টিন কেটে ভেতরে প্রবেশ করে। ঘরে তখন সবাই ঘুমিয়ে ছিলেন। দুর্বৃত্তরা গৃহকর্তা শাহজাহান হাওলাদারের স্ত্রী রহিমা বেগমের দুই কানের সোনার দুল সজোরে টেনে ছিঁড়ে নেয়। এতে তাঁর দুই কানের লতি ছিঁড়ে রক্তক্ষরণ শুরু হয়।

এরপর চোর শাহজাহানের ছেলের বউয়ের নাকের গহনা টেনে নেওয়ার চেষ্টা চালালে বিষয়টি টের পেয়ে ঘরের লোকজন চিৎকার শুরু করেন। প্রতিবেশীরা ছুটে আসার আগেই চোর পালিয়ে যেতে সক্ষম হয়। পরবর্তী সময়ে স্বজন ও স্থানীয়রা ঘরের টিন খোলা পান এবং ঘটনাস্থল থেকে চোরের ফেলে যাওয়া একটি জুতা উদ্ধার করেন। পরিবারের দাবি, চুরি হওয়া সোনার দুলের ওজন প্রায় ৫ আনা। যার বর্তমান বাজার মূল্য প্রায় ৭৭ হাজার টাকা।

এ ঘটনার পর থেকে পুরো চরমহিষা গ্রামে নারীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। গ্রামবাসী রাতে পাহারা জোরদার করার পাশাপাশি ঘটনায় জড়িতদের অবিলম্বে শনাক্ত করে গ্রেপ্তারের জোর দাবি জানিয়েছেন।

চরমহিষা গ্রামের বাসিন্দা কামরুল হাসান মোমেন জানান, ‘ওই বাড়িতে গিয়ে স্বর্ণালংকার চুরির বিষয়টি জানতে পারি। গৃহবধূর কান ছিঁড়ে প্রচুর রক্তক্ষরণ হয়েছে, পুরো বিছানা ভিজে গেছে। ঘুমন্ত গৃহবধূর কান ছিড়ে স্বর্ণালংকার নিয়ে যাওয়ায় অন্য নারীদের মধ্যেও আতঙ্ক দেখা দিয়েছে। গ্রামবাসী মিলে চোর শনাক্তের চেষ্টা চালাচ্ছে, পাওয়া মাত্রই পুলিশে সোপর্দ করা হবে।’

এ বিষয়ে মেহেন্দীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মমিন উদ্দিন জানান, কান ছিঁড়ে স্বর্ণালংকার চুরির ঘটনার বিষয়ে এখনো থানায় কোনো লিখিত অভিযোগ করেননি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে দ্রুত আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

 

আরো পড়ুন

প্রধানমন্ত্রী স্বর্ণপদক পাচ্ছেন বরিশাল বিশ্ববিদ্যালয়ের ১৩ শিক্ষার্থী

নিজস্ব প্রতিবেদক : প্রধানমন্ত্রী স্বর্ণপদকের জন্য বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) ১৩ শিক্ষার্থী মনোনীত হয়েছেন। বিশ্ববিদ্যালয় মঞ্জুরী …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *