ভূঁইয়া কামাল, মুলাদী: বরিশাল জেলার মুলাদী উপজেলার গাছুয়া ইউনিয়ন শাখা সিরাতুন্নবী (সা.)
উদযাপন কমিটির উদ্যোগে গত শনিবার মধ্যগাছুয়া খান বাড়ি ঈদগাহ মাঠে
মহানবী হযরত মুহাম্মদ (সা.) এর জীবন, আদর্শ, মানবিকতা, ন্যায়নীতি,
সত্যনিষ্ঠা, ক্ষমাশীলতা ও সমাজ সংস্কারের বিভিন্ন দিক নিয়ে আলোচনা সভা,
সাংস্কৃতিক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণীর আয়োজন করা হয়।
গাছুয়া ইউনিয়ন উন্নয়ন ফোরামের চেয়ারম্যান প্রভাষক মো: দিদারুল
আহসান এর সভাপতিত্ব প্রধান অতিথি ছিলেন ঢাকার মতিঝিল মিসবাহুল উলুম
কামিল মাদরাসার অধ্যক্ষ মো: মহিউদ্দিন আহমদ। প্রধান বক্তা ছিলেন, ঢাকার
মতিঝিল মিসবাহুল উলুম কামিল মাদরাসার প্রধান মুহাদ্দিস ও বাইতুল আমান
সোসাইটি কেন্দ্রীয় জামে মসজিদের খতিব মাহমুদুল হাসান।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুলাদী উপজেলার ইসলামাবাদ
নেছারিয়া ফাজিল মাদরাসার সহকারী শিক্ষক মাওলানা মো: আবু সালেহ, বাংলাদেশ
ফেডারেল সাংবাদিক ইউনিয়নের (বিএফইউজে) নির্বাহী সদস্য মোহাম্মদ
আবু হানিফ ও বাংলাদেশ সুপ্রিম কোর্টের আপিল বিভাগের আইনজীবী
অ্যাডভোকেট মো: ফয়জুল্লাহ (ফয়েজ)।
প্রধান অতিথি মহিউদ্দিন আহমদ বলেন, ‘মহানবী (সা.)-এর জীবন শুধু
মুসলমানদের ধর্মীয় জীবনের জন্য নয়, বরং নৈতিক ও মানবিক জীবন গঠনের জন্যও
গুরুত্বপূর্ণ শিক্ষার উৎস। সত্যবাদিতা, আমানতদারিতা, ন্যায়বিচার, দয়া,
ক্ষমাশীলতা, পারিবারিক দায়িত্ববোধ এবং মানুষের অধিকার রক্ষার শিক্ষা তার জীবন
থেকে পাওয়া যায়।’
তিনি আরও বলেন, ‘মহানবী (সা.)-এর প্রতি ভালোবাসার প্রকৃত প্রকাশ
হলো তার আদর্শ সম্পর্কে জানা এবং তা ব্যক্তি ও সামাজিক জীবনে বাস্তবায়নের
চেষ্টা করা।’
প্রধান বক্তা শায়খ মাহমুদুল হাসান বলেন, মহানবী (সা.)-এর জীবন ও সুন্নাহ
অনুসরণের গুরুত্ব নিয়ে আলোচনা করেন। তিনি মহানবী (সা.)-এর চরিত্র, আখলাক,
দাওয়াত, ধৈর্য, মানুষের প্রতি দয়া এবং সামাজিক ন্যায়বিচারের বিভিন্ন দিক
তুলে ধরেন।
বিশেষ অতিথির মাওলানা মো: আবু ছালেহ বলেন, মহানবী (সা.)-এর জীবন
থেকে শিক্ষা নিয়ে ব্যক্তিগত ও সামাজিক জীবনে তা বাস্তবায়নের গুরুত্ব তুলে
ধরেন। তিনি শিশু-কিশোরদের নৈতিক ও ধর্মীয় শিক্ষার প্রতি অভিভাবকদের আরও
মনোযোগী হওয়ার আহ্বান জানান। বিশষ অতিথি মোহাম্মদ আবু হানিফ বলেন,
‘সিরাতুন্নবী (সা.)-এর শিক্ষা সমাজের সর্বস্তরে পৌঁছে দেওয়ার ওপর গুরুত্ব
দিতে হবে। বর্তমান তথ্যপ্রযুক্তির যুগে তরুণ প্রজন্মকে সঠিক জ্ঞান ও নৈতিক
মূল্যবোধের সঙ্গে সম্পৃক্ত করা গুরুত্বপূর্ণ।’ অ্যাডভোকেট মো: ফয়জুল্লাহ
(ফয়েজ) ন্যায়বিচার, মানুষের অধিকার, পারস্পরিক সম্মান ও সামাজিক দায়িত্বের
ওপর গুরুত্বারোপ করেন।
সভাপতি প্রভাষক মো: দিদারুল আহসান বলেন, ‘স্থানীয় পর্যায়ে শিশু-
কিশোরদের নৈতিক ও শিক্ষামূলক কর্মকাণ্ডে সম্পৃক্ত করার প্রয়োজন রয়েছে।
আমাদের বিশ্বাস মহানবী (সা.)-এর জীবন ও আদর্শের শিক্ষা সমাজে ছড়িয়ে
দিতে এ ধরনের আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।’
অনুষ্ঠানে সিরাতুন্নবী (সা.) কেন্দ্রিক সাংস্কৃতিক প্রতিযোগিতায়
শিশু-কিশোর ও শিক্ষার্থীরা অংশ নেয়। প্রতিযোগিতা শেষে বিজয়ী ও
অংশগ্রহণকারী শিক্ষার্থীদের মাঝে অতিথিরা পুরস্কার তুলে দেন।
Daily Bangladesh Bani বৈষম্য ও অন্যায়ের বিরুদ্ধে আমাদের দৈনিক প্রতিশ্রুতিবদ্ধ। আমরা সত্য ও ন্যায়ের পক্ষে দাঁড়িয়ে, সমাজের অন্ধকার দিকগুলো উন্মোচন করে প্রতিটি মানুষের সমান অধিকারের প্রচার করি।