মাহতাব হাওলাদার, মহিপুর প্রতিনিধি: পটুয়াখালীর কলাপাড়ায় জমজম ক্লিনিকের নতুন সংযোজন হিসেবে স্পেশাল আল্ট্রাসনোগ্রাফি ও অর্থোপেডিকস সেন্টারের উদ্বোধন করা হয়েছে।
সোমবার (২১ সেপ্টেম্বর) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে পৌর শহরের কলেজ রোডে হোটেল রুবানের দ্বিতীয় তলায় আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে সেন্টারটির উদ্বোধন করেন উপজেলা বিএনপির যুববিষয়ক সম্পাদক হাজী আবুল হাসনাত রিমন শিকদার।
উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সাবেক উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আব্দুর রহিম, ডা. পার্থ সমদ্দার, ডা. দেবলীনা সুতার (সিঁথী), উপজেলা মৎস্যজীবী দলের সাধারণ সম্পাদক মো. ফখরুল আলম, কলাপাড়া উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এস কে রঞ্জনসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।
প্রধান অতিথি হাজী আবুল হাসনাত রিমন শিকদার বলেন, “কলাপাড়ার মানুষের চিকিৎসাসেবা সহজলভ্য করতে এ ধরনের আধুনিক চিকিৎসাপ্রতিষ্ঠান গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। আমি প্রতিষ্ঠানটির সফলতা ও উত্তরোত্তর সমৃদ্ধি কামনা করছি।”
ডা. পার্থ সমদ্দার বলেন, “আধুনিক প্রযুক্তি ও দক্ষ চিকিৎসাসেবার মাধ্যমে স্থানীয় মানুষের প্রয়োজনীয় চিকিৎসাসেবা দেওয়াই আমাদের মূল লক্ষ্য। রোগীদের সেবার মান নিশ্চিত করতে আমরা আন্তরিকভাবে কাজ করব।”
তিনি আরও জানান, দরিদ্র ও অসহায় রোগীদের বিনামূল্যে চিকিৎসাসেবা দেওয়ার উদ্যোগ রয়েছে। আধুনিক আল্ট্রাসনোগ্রাফি ও অর্থোপেডিকস সেবা চালুর ফলে স্থানীয় রোগীদের প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষার জন্য বরিশাল বা ঢাকায় যাওয়ার প্রয়োজন কমবে। এখানে নির্ভুলভাবে রোগ নির্ণয়ের জন্য প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষা করা হবে, যাতে চিকিৎসকেরা রোগীদের সঠিক চিকিৎসা দিতে পারেন।
আয়োজকেরা জানান, স্থানীয় মানুষের চিকিৎসাসেবা আরও সহজলভ্য করার লক্ষ্যেই জমজম ক্লিনিকে নতুন এই সেবা চালু করা হয়েছে।
Daily Bangladesh Bani বৈষম্য ও অন্যায়ের বিরুদ্ধে আমাদের দৈনিক প্রতিশ্রুতিবদ্ধ। আমরা সত্য ও ন্যায়ের পক্ষে দাঁড়িয়ে, সমাজের অন্ধকার দিকগুলো উন্মোচন করে প্রতিটি মানুষের সমান অধিকারের প্রচার করি।