মেহেরাব হোসেন রিফাত: সরকারি ব্রজমোহন (বিএম) কলেজে শিক্ষার্থীদের মধ্যে পাঠাভ্যাস গড়ে তোলা ও বইভিত্তিক আলোচনা চর্চা বাড়ানোর লক্ষ্যে অগ্নিবীজ থেকে জুলাই গণঅভ্যুত্থান বই নিয়ে পাঠচক্র অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৪টায় কলেজের মুক্তমঞ্চে ব্রজমোহন বইবন্ধুর উদ্যোগে এ পাঠচক্রের আয়োজন করা হয়। পাঠচক্রে বইটির লেখক ও বিএম কলেজের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী ওয়ালিদ বিন সালাউদ্দিন প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে লেখক বইটি রচনার প্রেক্ষাপট, জুলাই গণঅভ্যুত্থানের বিভিন্ন ঘটনা ও সংশ্লিষ্ট বিষয় নিয়ে পাঠকদের সঙ্গে আলোচনা করেন। পাশাপাশি তিনি বইটির বিভিন্ন দিক তুলে ধরেন এবং উপস্থিত শিক্ষার্থীদের প্রশ্নের উত্তর দেন। লেখকের সরাসরি উপস্থিতিতে বইটির বিষয়বস্তু ও প্রেক্ষাপট নিয়ে প্রাণবন্ত আলোচনা ও মতবিনিময় অনুষ্ঠিত হয়।
ব্রজমোহন বইবন্ধুর সভাপতি মুহাম্মদ ইয়ামিনের সভাপতিত্বে পাঠচক্রটি সঞ্চালনা করেন ব্রজমোহন বইবন্ধুর সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম সজিব। এ সময় মুহাম্মাদ ইয়ামিন বইটির ওপর আলোচনা করে শিক্ষার্থীদের মধ্যে বই পড়া ও পাঠচর্চার গুরুত্ব তুলে ধরেন। এছাড়া সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম সজিব গুরুত্বপূর্ণ বই নিয়ে সম্মিলিত আলোচনা ও মতবিনিময়ের প্রয়োজনীয়তার ওপর গুরুত্বারোপ করেন।পাঠচক্রে উপস্থিত শিক্ষার্থী ও পাঠকদের অংশগ্রহণে প্রশ্নোত্তর পর্ব অনুষ্ঠিত হয়, যা বইটির বিভিন্ন বিষয় আরও গভীরভাবে অনুধাবনের সুযোগ সৃষ্টি করে।
উল্লেখ্য, ২০২৪ সালের ৪ মার্চ যাত্রা শুরু করা ব্রজমোহন বই-বন্ধু শিক্ষার্থীদের মধ্যে পাঠাভ্যাস গড়ে তোলা ও জ্ঞানের আলো ছড়িয়ে দেওয়ার লক্ষ্যে ধারাবাহিকভাবে কাজ করে যাচ্ছে। সংগঠনটির কার্যক্রমের মধ্যে রয়েছে বিনামূল্যে বই পড়ার সুযোগ, পাঠচক্র, কুইজ প্রতিযোগিতা এবং বিভিন্ন বিষয়ভিত্তিক আলোচনা সভা। আয়োজকরা জানান, ভবিষ্যতেও গুরুত্বপূর্ণ বই নিয়ে পাঠচক্রসহ জ্ঞান ও সাহিত্যভিত্তিক বিভিন্ন কার্যক্রম অব্যাহত থাকবে।
Daily Bangladesh Bani বৈষম্য ও অন্যায়ের বিরুদ্ধে আমাদের দৈনিক প্রতিশ্রুতিবদ্ধ। আমরা সত্য ও ন্যায়ের পক্ষে দাঁড়িয়ে, সমাজের অন্ধকার দিকগুলো উন্মোচন করে প্রতিটি মানুষের সমান অধিকারের প্রচার করি।