বুধবার, অক্টোবর ৭, ২০২৬

রমাগঞ্জে সীরাত পাঠ প্রতিযোগিতার পুরস্কার বিতরণ

ফজলে রাব্বি : ভোলার লালমোহন উপজেলার রমাগঞ্জ ইউনিয়নে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের উদ্যোগে আয়োজিত সীরাত পাঠ প্রতিযোগিতা–২০২৬-এর পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে।

রমাগঞ্জ ইউনিয়নের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা এ প্রতিযোগিতায় অংশগ্রহণ করেন। প্রথম ধাপে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে পৃথক পরীক্ষার মাধ্যমে শিক্ষার্থী বাছাই করা হয়। পরবর্তী সময়ে নির্বাচিত শিক্ষার্থীদের নিয়ে চূড়ান্ত পরীক্ষা অনুষ্ঠিত হয়। এতে সর্বোচ্চ ফল অর্জনকারী পাঁচজনকে বিশেষভাবে পুরস্কৃত করা হয়।

পুরস্কারপ্রাপ্তদের ক্রেস্ট ও সীরাতবিষয়ক বই দিয়ে সম্মাননা প্রদান করা হয়। পাশাপাশি প্রতিযোগিতায় অংশগ্রহণকারী সকল শিক্ষার্থীর হাতে সীরাতবিষয়ক বই তুলে দেওয়া হয়।

প্রতিযোগিতায় প্রথম স্থান অর্জন করেন রমাগঞ্জ স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থী মো. আকাশ হোসেন। দ্বিতীয় স্থান অর্জন করেন একই প্রতিষ্ঠানের মো. মুমিন এবং তৃতীয় স্থান অর্জন করেন কর্তারহাট আলিমিয়া দাখিল মাদরাসার মো. আদন হোসেন। চতুর্থ স্থান অর্জন করেন রায়চাঁদ উদয় চন্দ্র মাধ্যমিক বিদ্যালয়ের দশম শ্রেণির শিক্ষার্থী মো. সাজ্জাদুর রহমান।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের ভোলা জেলা শাখার সেক্রেটারি মো. আল-আমিন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লালমোহন উপজেলা ছাত্রশিবির (দক্ষিণ) শাখার সাবেক প্রচার ও মিডিয়া সম্পাদক কাজী সালমান হোছাইন (ইউনিভার্সিটি অব সাইবারজায়া, মালয়েশিয়া), বাংলাদেশ জামায়াতে ইসলামী রমাগঞ্জ ইউনিয়ন শাখার সভাপতি সহকারী অধ্যাপক মাওলানা মামুনুর রশিদ, সেক্রেটারি কাজী আহসান শরীফ, লালমোহন উপজেলা দক্ষিণ শাখা ইসলামী ছাত্রশিবিরের সভাপতি আবদুর রশিদ ও সেক্রেটারি মো. আরিফ, রমাগঞ্জ ইউনিয়ন ছাত্রশিবিরের সাবেক সভাপতি ও সরকারি সৈয়দ হাতেম আলী কলেজ ছাত্রশিবিরের প্রচার ও মিডিয়া সম্পাদক ফজলে রাব্বি, বর্তমান সভাপতি মো. তুহিন মাহমুদসহ ছাত্রশিবিরের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

প্রধান অতিথি মো. আল-আমিন বলেন, শিক্ষার্থীদের মধ্যে মহানবী হযরত মুহাম্মদ (সা.)-এর জীবন ও আদর্শ সম্পর্কে জ্ঞানচর্চা এবং পাঠাভ্যাস গড়ে তোলার লক্ষ্যেই এ আয়োজন করা হয়েছে। বেশি বেশি সীরাত পাঠের পাশাপাশি বর্তমান শিক্ষা কারিকুলামে মহানবী হযরত মুহাম্মদ (সা.)-এর সীরাত অন্তর্ভুক্ত করার প্রয়োজনীয়তার কথাও তুলে ধরেন তিনি।

কাজী সালমান হোছাইন বলেন, মহানবী হযরত মুহাম্মদ (সা.)-এর জীবন ও আদর্শ শিক্ষার্থীদের জন্য অনুসরণীয়। এ ধরনের প্রতিযোগিতা শিক্ষার্থীদের মধ্যে সীরাত পাঠের আগ্রহ বাড়ানোর পাশাপাশি জ্ঞানচর্চা ও নৈতিক মূল্যবোধ বিকাশে ভূমিকা রাখবে। তিনি শিক্ষার্থীদের নিয়মিত সীরাত ও অন্যান্য জ্ঞানমূলক বই পড়ার আহ্বান জানান।

আবদুর রশিদ বলেন, শিক্ষার্থীদের মেধা ও জ্ঞানচর্চাকে উৎসাহিত করতেই এ আয়োজন করা হয়েছে। শিক্ষার্থীদের নৈতিক ও আদর্শিক বিকাশে ভবিষ্যতেও এ ধরনের শিক্ষামূলক কার্যক্রম অব্যাহত রাখার প্রত্যাশা ব্যক্ত করেন তিনি।

ফজলে রাব্বি বলেন, শিক্ষার্থীদের মধ্যে মহানবী হযরত মুহাম্মদ (সা.)-এর জীবন, আদর্শ ও চরিত্র সম্পর্কে জানার আগ্রহ তৈরি করতেই এ ধরনের আয়োজন গুরুত্বপূর্ণ। নিয়মিত সীরাত পাঠের মাধ্যমে শিক্ষার্থীরা মহানবী (সা.)-এর আদর্শ সম্পর্কে জ্ঞান অর্জনের পাশাপাশি নিজেদের নৈতিক ও মানবিক গুণাবলি বিকশিত করতে পারবে। শিক্ষার্থীদের জ্ঞানচর্চা ও নৈতিক বিকাশে ভবিষ্যতেও এ ধরনের আয়োজন অব্যাহত রাখার প্রত্যাশা ব্যক্ত করেন তিনি।

এ ছাড়া অনুষ্ঠানে উপস্থিত অন্যান্য অতিথিরাও শিক্ষার্থীদের পড়াশোনার পাশাপাশি জ্ঞানচর্চা, নৈতিক মূল্যবোধ ও পাঠাভ্যাস গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করেন।

এ প্রতিযোগিতায় তোফালিয়া দাখিল মাদরাসা, রায়চাঁদ উদয় চন্দ্র মাধ্যমিক বিদ্যালয়, উত্তর রমাগঞ্জ মাধ্যমিক বিদ্যালয়সহ রমাগঞ্জ ইউনিয়নের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন।

আরো পড়ুন

হিজলায় গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার

হিজলা প্রতিনিধি : বরিশালের হিজলা উপজেলায় খাদিজা বেগম (২৩) নামে এক গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *