বৃহস্পতিবার, নভেম্বর ২৬, ২০২৬

নটরডেম কলেজকে হারিয়ে জাতীয় পর্যায়ে চ্যাম্পিয়ন হাতেম আলী কলেজ

ফজলে রাব্বি : নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত ‘বাকম্যানসের চতুর্থ আন্তর্জাতিক ভাষা প্রতিযোগিতা’র উচ্চমাধ্যমিক পর্যায়ের বাংলা বিতর্ক বিভাগে নটরডেম কলেজকে হারিয়ে জাতীয় পর্যায়ে চ্যাম্পিয়ন হয়েছে বরিশালের সরকারি সৈয়দ হাতেম আলী কলেজের বিতর্ক দল।

প্রতিযোগিতায় প্রথম রানারআপ হয়েছে নটরডেম কলেজ এবং দ্বিতীয় রানারআপ হয়েছে চট্টগ্রাম বন্দর কলেজ। চ্যাম্পিয়ন দলের সদস্যরা হলেন দলনেতা সাইফ সালাহউদ্দীন, হাসিবুর রহমান রাজা ও মোসা. জোবায়েদা আক্তার জেরীন। তাঁদের যুক্তিনির্ভর উপস্থাপনা, বিশ্লেষণী দক্ষতা ও দলগত সমন্বয় এ সাফল্যে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে।

কলেজের অধ্যক্ষ অধ্যাপক মো. আখতারুজ্জামান খান বিজয়ী শিক্ষার্থীদের অভিনন্দন জানিয়ে বলেন, এ অর্জন কলেজের জন্য গর্ব ও সম্মানের। পড়াশোনার পাশাপাশি বিতর্ক, সাহিত্য, সংস্কৃতি ও অন্যান্য সহশিক্ষা কার্যক্রমে শিক্ষার্থীদের অংশগ্রহণ বাড়ানোর ওপরও তিনি গুরুত্বারোপ করেন।

কলেজের উপাধ্যক্ষ অধ্যাপক মোসা. মেহবুবা আলম বলেন, জাতীয় পর্যায়ে এ সাফল্য শিক্ষার্থীদের অধ্যবসায়, প্রস্তুতি ও দক্ষতার পরিচয় বহন করে। বিতর্কচর্চা শিক্ষার্থীদের যুক্তিবোধ, বিশ্লেষণী চিন্তা ও নেতৃত্বের গুণাবলি বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। বিতর্ক দলের পরিচালক ও বাংলা বিভাগের প্রভাষক মো. হাফিজুর রহমান বলেন, দীর্ঘদিনের প্রস্তুতি, তথ্য সংগ্রহ, যুক্তি বিন্যাস ও দলগত সমন্বয়ের ফল এ অর্জন।

তিনি ভবিষ্যতেও শিক্ষার্থীদের নিয়মিত বিতর্কচর্চা অব্যাহত রাখার আহ্বান জানান। সরকারি সৈয়দ হাতেম আলী কলেজের এ সাফল্যে শিক্ষক-শিক্ষার্থীদের মধ্যে আনন্দ ও উৎসাহের সৃষ্টি হয়েছে। সংশ্লিষ্টরা আশা করছেন, এ অর্জন কলেজের অন্য শিক্ষার্থীদেরও বিতর্ক ও বুদ্ধিবৃত্তিক প্রতিযোগিতায় অংশ নিতে অনুপ্রাণিত করবে।

 

আরো পড়ুন

কলাপাড়া হাসপাতালে স্ত্রীর সঙ্গে বাকবিতণ্ডা, শাশুড়িকে কুপিয়ে পালালেন জামাতা

বিশ্বাস শিহাব পারভেজ মিঠু, কলাপাড়া : পটুয়াখালীর কলাপাড়া হাসপাতালে চিকিৎসাধীন স্ত্রীকে দেখতে এসে ঝগড়ার একপর্যায়ে শাশুড়িকে …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *