ফরিদ আহমেদ, নেছারাবাদ প্রতিনিধি: সাত দেশের আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন ক্বারীদের অংশগ্রহণে পিরোজপুরের নেছারাবাদে অনুষ্ঠিত হয়েছে ৬ষ্ঠ আন্তর্জাতিক ক্বিরাত সম্মেলন-২০২৬। শনিবার (১৪ নভেম্বর) সন্ধ্যার পর ওস্তাজুল ক্বোররা মরহুম হাফেজ ক্বারী মো. সাঈদুর রহমান ও রত্নগর্ভা মরহুমা হামিদা বেগমের স্মরণে হামিদা-সাঈদ ফাউন্ডেশনের উদ্যোগে সরকারি স্বরূপকাঠি পাইলট মডেল মাধ্যমিক বিদ্যালয়ের মাঠে এ সম্মেলন অনুষ্ঠিত হয়।
বাদ আছর থেকে রাত ১১টা পর্যন্ত অনুষ্ঠেয় এ সম্মেলনে প্রধান অতিথি হিসেবে গৃহায়ণ ও গণপূর্ত প্রতিমন্ত্রী আহম্মদ সোহেল মনজুর এমপি বিশেষ কারনে অনুউপস্থিত থাকায় তাঁর প্রতিনিধিত্ব করেন পিরোজপুরের অতিরিক্ত জেলা প্রশাসক জনাব মো. মাহমুদুর রহমান মামুন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) আশিক আহমেদ, সহকারী কমিশনার (ভূমি) মো. রায়হান মাহমুদ, নেছারাবাদ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মেহেদী হাসান। প্রধান আলোচক ছিলেন শায়েখ সাদ সাইফুল্লাহ মাদানী। এতে সভাপতিত্ব করেন হামিদা-সাঈদ ফাউন্ডেশনের চেয়ারম্যান মো. মাসুদুর রহমান।
সম্মেলনে বাংলাদেশসহ বিশ্বের সাতটি দেশের ক্বারীরা পবিত্র কুরআন থেকে তেলাওয়াত করেন। তারা হলেন, মিসরের ক্বারী আবদেল নাসের হারাক, পাকিস্তানের ক্বারী আনোয়ারুল হাসান বুখারী, আফগানিস্তানের আব্দুল কবির হায়দারী, ইরানের ওয়াহিদ খাজায়ঈ, দক্ষিণ আফ্রিকার জোবায়ের বারদাঈ, বাংলাদেশের হাফেজ মোহাম্মদ জাকারিয়া।
আয়োজকরা জানান, কুরআন তেলাওয়াতের মাধ্যমে আল্লাহর প্রতি সাধারণ মানুষের তাকওয়া বাড়াতে ওই অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।
হামিদা-সাঈদ ফাউন্ডেশনের চেয়ারম্যান মো. মাসুদুর রহমান বলেন, এটি সংগঠনের ধারাবাহিক সম্মেলন। কোরআন প্রেমীদের জন্য প্রতি বছরই এ সম্মেলন আয়োজনের পরিকল্পনা রয়েছে। আল্লাহর কালামের মর্মবাণী মানুষের মাঝে ছড়িয়ে দিতে সর্বাত্মকভাবে কাজ করে যাচ্ছে হামিদা-সাঈদ ফাউন্ডেশন। পবিত্র কোরআনের খেদমতে হামিদা সাঈদ ফাউন্ডেশন -এর কার্যক্রম আরও ত্বরান্বিত করতে সবার দোয়া চান তিনি।
এ সময় বাংলাদেশসহ বিশ্বের বিভিন্ন দেশের আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন ক্বারী ও ইসলামিক স্কলার, রাজনৈতিক নেতৃবৃন্দ এবং বিভিন্ন শ্রেণি-পেশার বিশিষ্ট ব্যক্তিবর্গ অংশগ্রহণ করেন।
Daily Bangladesh Bani বৈষম্য ও অন্যায়ের বিরুদ্ধে আমাদের দৈনিক প্রতিশ্রুতিবদ্ধ। আমরা সত্য ও ন্যায়ের পক্ষে দাঁড়িয়ে, সমাজের অন্ধকার দিকগুলো উন্মোচন করে প্রতিটি মানুষের সমান অধিকারের প্রচার করি।