মুঃ মাকসুদুর রহমান, ভোলা প্রতিনিধি: ভোলার দৌলতখান উপজেলায় সরকারি সামাজিক নিরাপত্তা কর্মসূচির আওতায় প্রতিবন্ধী ভাতা বিতরণে অনিয়ম ও অর্থ আত্মসাতের অভিযোগ উঠেছে। মো. জাফর ইসলাম নামের এক ব্যক্তির নামে ইস্যু করা প্রতিবন্ধী ভাতার কার্ডে বন্ধ মোবাইল নম্বর এবং অনলাইনে যাচাই করা যায়নি এমন জন্মনিবন্ধন সনদ ব্যবহার করে দীর্ঘদিন ধরে সরকারি অর্থ উত্তোলনের তথ্য পাওয়া গেছে। এ ঘটনায় জেলা সমাজসেবা কার্যালয়ের এক কর্মচারীর যোগসাজশ রয়েছে কি না, তা নিয়েও প্রশ্ন উঠেছে।
অনুসন্ধানে জানা গেছে, দৌলতখান উপজেলার ভবানীপুর ইউনিয়নের কালিয়া এলাকার বাসিন্দা হিসেবে মো. জাফর ইসলামের (পিতা: মাকসুদুর রহমান, মাতা: সেতারা বেগম) নামে একটি প্রতিবন্ধী ভাতার কার্ড ইস্যু করা হয়েছে। তবে ভাতাভোগীর তথ্য যাচাই করতে গিয়ে দেখা যায়, ভাতার জন্য নিবন্ধিত মোবাইল নম্বরটি বর্তমানে বন্ধ রয়েছে। পাশাপাশি ব্যবহৃত জন্মনিবন্ধন সনদটিও অনলাইনে যাচাই করা সম্ভব হয়নি। এমনকি দৌলতখান উপজেলা সমাজসেবা কার্যালয়ও সংশ্লিষ্ট ব্যক্তির প্রকৃত পরিচয় ও অস্তিত্ব সম্পর্কে তাৎক্ষণিকভাবে নিশ্চিত হতে পারেনি।
অথচ সমাজসেবা কার্যালয়ের নথি ও সফটওয়্যারে ওই ভাতাভোগীর নামে নিয়মিত অর্থ ছাড়ের তথ্য রয়েছে। সর্বশেষ ২০২৬-২৭ অর্থবছরের প্রথম কিস্তি (জুলাই-সেপ্টেম্বর) পর্যন্ত একটি নগদ অ্যাকাউন্টে (০১৭৫৬-৬২৭৮৫৪) ভাতার অর্থ পাঠানোর তথ্য পাওয়া গেছে। সফটওয়্যারের তথ্য অনুযায়ী, ২০২৫-২৬ অর্থবছরের প্রতিটি কিস্তিতে ২ হাজার ৭০০ টাকা করে এবং ২০২৬-২৭ অর্থবছরের জুলাই-সেপ্টেম্বর কিস্তিতে ৩ হাজার টাকা ওই নম্বরে প্রদান করা হয়েছে।
স্থানীয় সূত্রের অভিযোগ, জেলা সমাজসেবা কার্যালয়ের উচ্চমান সহকারী মো. সুমনের ছোট ভাইয়ের ব্যক্তিগত তথ্যের সঙ্গে এই ভাতাভোগীর তথ্যের আশ্চর্যজনক মিল রয়েছে। ওই কর্মচারীর ভাইয়ের নামও জাফর ইসলাম। তাঁর দৌলতখান উপজেলা সমাজসেবা কার্যালয়ের অধীনে একটি প্রতিবন্ধী সনদ রয়েছে। তিনি বর্তমানে কৃষি মন্ত্রণালয়ে কম্পিউটার অপারেটর পদে কর্মরত বলে জানা গেছে।
অভিযোগ অনুযায়ী, ভাতাভোগীর নাম, পিতা-মাতার নাম, জন্মসাল এবং পুরোনো জন্মনিবন্ধনের নম্বরের সঙ্গে ওই কর্মচারীর ভাইয়ের তথ্যের মিল পাওয়া গেছে। তবে জন্মনিবন্ধন ও মোবাইল নম্বর তাঁদের নয় বলে দাবি করেছেন সংশ্লিষ্ট কর্মচারী। ফলে একই ব্যক্তির পরিচয় ব্যবহার করে ভাতা উত্তোলন করা হচ্ছে, নাকি তথ্যগত কোনো জটিলতা রয়েছে—তা নিরপেক্ষ তদন্তের মাধ্যমে নিশ্চিত হওয়ার দাবি উঠেছে।
অভিযোগের বিষয়ে জেলা সমাজসেবা কার্যালয়ের উচ্চমান সহকারী মো. সুমন বলেন, “এটা সত্য যে আমার ভাইয়ের একটি শ্রবণপ্রতিবন্ধী কার্ড রয়েছে। তবে বিষয়টি কাকতালীয়। আমার বাবা-মা ও ভাইয়ের নামের পাশাপাশি জন্মসালও হুবহু মিলে গেছে। কিন্তু জন্মনিবন্ধন সনদ ও মোবাইল নম্বর আমাদের নয়। আমি নিশ্চিত করছি, ভাতাভোগী হিসেবে দেখানো ব্যক্তি আমার ভাই নন।” পরে তিনি বিষয়টি আরও যাচাই-বাছাই করার পরামর্শ দেন।
এ ধরনের অনিয়মের বিষয়ে জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সাবেক সভাপতি মোবাশ্বের উল্যাহ চৌধুরী বলেন, “প্রকৃত প্রতিবন্ধী ও অসহায় মানুষের অধিকার এভাবে কেউ লুণ্ঠন করতে পারে না। এটি অত্যন্ত দুঃখজনক ও অপরাধমূলক কাজ। এ বিষয়ে দ্রুত নিরপেক্ষ তদন্ত করে জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া জরুরি।”
এ বিষয়ে জেলা সমাজসেবা কার্যালয়ের উপপরিচালক (রুটিন দায়িত্ব) কাজী গোলাম কবির বলেন, বিষয়টি অত্যন্ত গুরুত্বের সঙ্গে খতিয়ে দেখা হবে। ভুয়া কার্ডের মাধ্যমে সরকারি ভাতা আত্মসাতের প্রমাণ পাওয়া গেলে কাউকে ছাড় দেওয়া হবে না। এ ঘটনায় জড়িতদের বিরুদ্ধে দাপ্তরিক ব্যবস্থা নেওয়া হবে বলেও তিনি জানান।
সরকারি সামাজিক নিরাপত্তা কর্মসূচির অর্থ প্রকৃত উপকারভোগীদের কাছে পৌঁছে দেওয়া নিশ্চিত করতে এ ঘটনার সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্ত এবং ভাতাভোগীর পরিচয়, জন্মনিবন্ধন ও অর্থ উত্তোলনের তথ্য যাচাইয়ের দাবি জানিয়েছেন সচেতন মহল।
Daily Bangladesh Bani বৈষম্য ও অন্যায়ের বিরুদ্ধে আমাদের দৈনিক প্রতিশ্রুতিবদ্ধ। আমরা সত্য ও ন্যায়ের পক্ষে দাঁড়িয়ে, সমাজের অন্ধকার দিকগুলো উন্মোচন করে প্রতিটি মানুষের সমান অধিকারের প্রচার করি।