আবু জিহাদ, আমতলী প্রতিনিধি: বরগুনার আমতলী উপজেলার আঠারগাছিয়া ইউনিয়ন পরিষদের প্রশাসক মো. ফিরোজ আলমের বিরুদ্ধে অর্থ দাবি, হয়রানি, অসৌজন্যমূলক আচরণ ও দায়িত্ব পালনে অনিয়মসহ বিভিন্ন অভিযোগ উঠেছে।
এসব অভিযোগ এনে প্রশাসকের প্রতি অনাস্থা প্রকাশ করেছেন ইউনিয়ন পরিষদের ১০ জন ইউপি সদস্য। এ ঘটনায় তাঁরা আমতলী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও বরগুনা জেলা প্রশাসকের কাছে লিখিত অভিযোগ দিয়েছেন।
অভিযোগ সূত্রে জানা গেছে, আঠারগাছিয়া ইউনিয়ন পরিষদের প্রশাসক হিসেবে দায়িত্ব পালন করছেন উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা মো. ফিরোজ আলম। তাঁর বিরুদ্ধে ইউনিয়ন পরিষদের বরাদ্দ করা তিনটি টিউবওয়েলের বিপরীতে ৩০ হাজার টাকা দাবি করার অভিযোগ করেছেন ইউপি সদস্যরা।
এ ছাড়া পরিষদে সেবা নিতে আসা সাধারণ মানুষকে বিভিন্ন কাগজপত্রের অজুহাতে হয়রানি, পরিষদের বিভিন্ন খরচের কথা বলে ইউপি সদস্যদের কাছে অর্থ দাবি এবং ওয়ারিশ সনদসহ বিভিন্ন সেবা প্রদানে ভোগান্তি সৃষ্টির অভিযোগও রয়েছে।
লিখিত অভিযোগে আরও উল্লেখ করা হয়, প্রশাসকের সপ্তাহে এক দিন ইউনিয়ন পরিষদে উপস্থিত থাকার কথা থাকলেও তিনি নিয়মিতভাবে নির্ধারিত দিনে পরিষদে আসেন না।
এতে সাধারণ মানুষ প্রয়োজনীয় সেবা থেকে বঞ্চিত হচ্ছেন।
পাশাপাশি ইউপি সদস্যদের কাছে যাতায়াত খরচ ও মোটরসাইকেল ভাড়া বাবদ দুই হাজার টাকা দাবি করার অভিযোগও করা হয়েছে।
এ ছাড়া ২০২৬-২৭ অর্থবছরের এডিপির বরাদ্দ সম্পর্কে ইউপি সদস্যদের অবহিত না করা এবং তাঁদের সঙ্গে প্রশাসকের অসৌজন্যমূলক ও দুর্ব্যবহারপূর্ণ আচরণের বিষয়টিও অভিযোগে তুলে ধরা হয়েছে।
এসব কর্মকাণ্ডে ক্ষুব্ধ ও অতিষ্ঠ হয়ে ইউনিয়ন পরিষদের ১০ জন সদস্য প্রশাসকের বিরুদ্ধে লিখিত অভিযোগ দাখিলের পাশাপাশি তাঁর প্রতি অনাস্থা প্রকাশ করেছেন।
এ বিষয়ে অভিযুক্ত প্রশাসক মো. ফিরোজ আলমের সঙ্গে মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করা হলে তিনি কলটি রিসিভ না করে সংযোগ বিচ্ছিন্ন করে দেন। ফলে তাঁর বক্তব্য পাওয়া সম্ভব হয়নি।
আমতলী উপজেলা নির্বাহী কর্মকর্তা হাসান মো. হাফিজুর রহমান অভিযোগ পাওয়ার বিষয়টি নিশ্চিত করে বলেন, “আঠারগাছিয়া ইউনিয়ন পরিষদের প্রশাসকের বিরুদ্ধে অনাস্থাপত্র পেয়েছি। বিষয়টি ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে আলোচনা করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।”
এ ঘটনায় ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কার্যক্রম ও সাধারণ মানুষের সেবা প্রাপ্তি নিয়ে স্থানীয়দের মধ্যে আলোচনা-সমালোচনা সৃষ্টি হয়েছে। অভিযোগগুলোর সুষ্ঠু তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন সংশ্লিষ্টরা।
Daily Bangladesh Bani বৈষম্য ও অন্যায়ের বিরুদ্ধে আমাদের দৈনিক প্রতিশ্রুতিবদ্ধ। আমরা সত্য ও ন্যায়ের পক্ষে দাঁড়িয়ে, সমাজের অন্ধকার দিকগুলো উন্মোচন করে প্রতিটি মানুষের সমান অধিকারের প্রচার করি।