সোমবার, নভেম্বর ১৬, ২০২৬

সন্তান কেড়ে নিয়েছিল সিডর, ১৯ বছর পরও জলোচ্ছ্বাসের আতঙ্কে হনুফা

‎‎জাকির ফরাজী, পিরোজপুর: ২০০৭ সালের ১৫ নভেম্বর। ভয়াল ঘূর্ণিঝড় সিডরের সেই রাতে প্রাণ বাঁচাতে পরিবারের সদস্যদের নিয়ে গাছে আশ্রয় নিয়েছিলেন পিরোজপুরের হনুফা বেগম। কিন্তু চোখের সামনেই জলোচ্ছ্বাসের পানিতে হারিয়ে যায় তাঁর ১২ বছরের ছেলে রাব্বি। চারদিকে তখন বাঁচার আকুতি আর মৃত্যুর বিভীষিকা। সন্তানকে হারিয়ে দিশেহারা হনুফা সাহায্যের জন্য চিৎকার করলেও নিজের জীবন বাঁচাতে ব্যস্ত মানুষের কাছে পৌঁছায়নি তাঁর আর্তনাদ।
‎
‎পরে পানি নেমে গেলে স্থানীয়রা খোঁজাখুঁজি শুরু করেন। একপর্যায়ে বাড়ির কাছের একটি খড়ের গাদার পাশে পাওয়া যায় রাব্বির নিথর দেহ। ততক্ষণে শেষ হয়ে গেছে সব। সেই রাতের ভয়াবহ স্মৃতি আর সন্তান হারানোর বেদনা আজও বয়ে বেড়াচ্ছেন এই মা।
‎
‎সিডরের সেই বিভীষিকাময় রাতের ১৯ বছর পেরিয়ে গেলেও নিরাপত্তার নিশ্চয়তা মেলেনি হনুফা বেগমের। পিরোজপুরের জিয়ানগর উপজেলার বালিপাড়া ইউনিয়নের দক্ষিণ বেপসাবুনিয়া গ্রামের বাসিন্দা তিনি। সিডরে ঘরবাড়ি বিধ্বস্ত হওয়ার পর সরকারি সহায়তায় নতুন ঘর পেলেও টেকসই বেড়িবাঁধ না থাকায় এখনো আতঙ্কে কাটে তাঁর দিন-রাত।
‎
‎এলাকায় সামান্য জোয়ার কিংবা বৃষ্টি হলেই বসতঘরে পানি ঢুকে পড়ে। গত বছরও গলাসমান পানিতে ডুবে যায় তাঁদের বাড়িঘর। ফলে দীর্ঘ সময় পেরিয়ে গেলেও প্রাকৃতিক দুর্যোগের ঝুঁকি থেকে মুক্তি মেলেনি এই জনপদের মানুষের।
‎
‎হনুফা বেগম বলেন, ‘সিডরে আমার সব শেষ হইয়া গেছে। আমার সন্তানকে হারাইছি। বন্যায় আমাগো এলাকার অনেক মানুষ মারা গেছে। সিডরের পরে আরও অনেক ঘূর্ণিঝড় হইছে। ওই সব ঘূর্ণিঝড়ে আমাগো বাড়িঘর তলাইয়া গেছে। গত বছরেও যে বন্যাটা হইছে, গলা সমান পানি হইছে। আমাগো এই জায়গায় কোনো বেড়িবাঁধ নাই। আমাগো বেড়িবাঁধ দরকার।’
‎
‎সন্তান হারানোর ক্ষত আজও শুকায়নি হনুফা বেগমের। এর সঙ্গে যুক্ত হয়েছে প্রতিনিয়ত জলোচ্ছ্বাস ও বন্যার আতঙ্ক। ১৯ বছর পরও তাঁর চাওয়া একটাই—নিজের ঘরবাড়ি ও পরিবারকে নিরাপদ রাখতে এলাকায় একটি টেকসই বেড়িবাঁধ নির্মাণ।

আরো পড়ুন

বরিশালে ৪২ জন তরুণ-তরুণীদের ‎জেন্ডার সমতা, ডিজিটাল নিরাপত্তা ও মিডিয়া লিটারেসি বিষয়ক প্রশিক্ষণ সম্পন্ন

নিজস্ব প্রতিনিধিঃ ‎বরিশালে ৪২জন তরুণ-তরুণীদের নিয়ে ‎জেন্ডার সমতা প্রতিষ্ঠা, ডিজিটাল নিরাপত্তা নিশ্চিতকরণ এবং গণমাধ্যম সচেতনতা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *