বৃহস্পতিবার, নভেম্বর ১৯, ২০২৬

নতুন ধানের ঘ্রাণে মুখরিত কলাপাড়া, পাখিমারা মতুয়া মন্দিরে নবান্ন উৎসব

মাহতাব হাওলাদার, মহিপুর প্রতিনিধি: গ্রামবাংলার চিরায়ত ঐতিহ্য, কৃষকের আনন্দ আর নতুন ধানের ঘ্রাণে মুখরিত হয়ে উঠেছে পটুয়াখালীর কলাপাড়া উপজেলা। বাঙালির হাজার বছরের লোকজ সংস্কৃতি ও কৃষিনির্ভর ঐতিহ্যের ধারাবাহিকতায় উপজেলার নীলগঞ্জ ইউনিয়নের পাখিমারা সার্বজনীন মতুয়া হরিমন্দিরে উৎসবমুখর পরিবেশে উদযাপিত হয়েছে ঐতিহ্যবাহী নবান্ন উৎসব।
বুধবার (১৮ নভেম্বর) পহেলা অগ্রহায়ণ উপলক্ষে এ উৎসবের আয়োজন করা হয়। সকাল থেকেই মন্দির প্রাঙ্গণে ভক্তদের উপস্থিতিতে সৃষ্টি হয় আনন্দঘন পরিবেশ। বেলা ১১টার দিকে ঢাকঢোল ও বিভিন্ন বাদ্যযন্ত্রের তালে মন্দির প্রাঙ্গণ থেকে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি আশপাশের আরও তিনটি মন্দির প্রদক্ষিণ করে পুনরায় মূল মন্দির প্রাঙ্গণে এসে শেষ হয়।
পরে নতুন আমন ধানের চাল দিয়ে তৈরি পায়েস, পিঠা, মলিদাসহ বিভিন্ন ঐতিহ্যবাহী খাবার ভক্তদের মধ্যে প্রসাদ হিসেবে বিতরণ করা হয়। ধর্মীয় আচার-অনুষ্ঠান, আনন্দ-উচ্ছ্বাস ও পারস্পরিক সম্প্রীতির আবহে পুরো মন্দির প্রাঙ্গণ হয়ে ওঠে উৎসবমুখর।
আয়োজনে বিভিন্ন বয়সী ও সম্প্রদায়ের শতাধিক ভক্ত অংশ নেন। নতুন ফসল ঘরে তোলার আনন্দ ভাগাভাগি করার পাশাপাশি গ্রামীণ সংস্কৃতি ও সামাজিক সম্প্রীতির এক অনন্য মিলনমেলায় পরিণত হয় নবান্ন উৎসব।
উল্লেখ্য, নবান্ন বাঙালির অন্যতম প্রাচীন লোকজ উৎসব। অগ্রহায়ণ মাসে নতুন আমন ধান ঘরে তোলাকে কেন্দ্র করে গ্রামবাংলায় এ উৎসবের প্রচলন। নতুন চালের পিঠা-পায়েস তৈরি, আত্মীয়স্বজন ও প্রতিবেশীদের আপ্যায়ন এবং আনন্দ ভাগাভাগির মধ্য দিয়ে বাঙালির কৃষিনির্ভর জীবন, ঐতিহ্য ও সংস্কৃতির বহিঃপ্রকাশ ঘটে এ উৎসবে।

আরো পড়ুন

বিসিসি প্রশাসকের সঙ্গে মহানগর ও দুই জেলা যুবদলের নবগঠিত কমিটির সৌজন্য সাক্ষাৎ

নিজস্ব প্রতিবেদক : বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক ও বরিশাল সিটি কর্পোরেশনের প্রশাসক অ্যাডভোকেট …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *