বুধবার, মে ৬, ২০২৬

বরিশালে বৈষম্যবিরোধী আন্দোলন নেত্রীকে ধর্ষণ, ভিডিও ধারণ ও ব্ল্যাকমেইলের অভিযোগ: থানায় মামলা

নিজস্ব প্রতিবেদক
বরিশাল নগরীতে বিবাহের প্রলোভন দেখিয়ে বৈষম্যবিরোধী আন্দোলনের এক নারী নেত্রীকে একাধিকবার ধর্ষণ, গোপনে ভিডিও ধারণ করে ব্ল্যাকমেইল এবং পরবর্তীতে হত্যাচেষ্টার অভিযোগে এক যুবকের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। গত ১৮ ডিসেম্বর ভুক্তভোগী নিজে বাদী হয়ে বরিশাল কোতোয়ালি মডেল থানায় এজাহার দায়ের করেন।

এজাহার সূত্রে জানা যায়, বাদী (২২) বরিশাল নগরীর চৌধুরী সড়ক চৌমাথা এলাকার বাসিন্দা। তিনি বৈষম্যবিরোধী আন্দোলনের সাবেক কমিটির যুগ্ম আহ্বায়ক ছিলেন। আন্দোলন-পরবর্তী সময়ে অভিযুক্ত সুবহান আল তালুকদার (২৪)-এর সঙ্গে তার পরিচয় হয়। একপর্যায়ে পরিচয় থেকে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে।

অভিযোগে বলা হয়, অভিযুক্ত বিবাহের আশ্বাস দিয়ে বিভিন্ন সময়ে ও বিভিন্ন স্থানে বাদীর ইচ্ছার বিরুদ্ধে শারীরিক সম্পর্ক স্থাপন করে। সর্বশেষ গত ১১ অক্টোবর শনিবার সন্ধ্যা আনুমানিক ৬টা থেকে রাত ৯টা পর্যন্ত কোতোয়ালি মডেল থানাধীন বিসিসি ১৭ নম্বর ওয়ার্ডের সদর রোড এলাকার আবাসিক হোটেল হক-এর ৪০৪ নম্বর কক্ষে তাকে জোরপূর্বক ধর্ষণ করা হয়। ওই সময় অভিযুক্ত তার মোবাইল ফোনে ঘটনার ভিডিও ধারণ করে রাখে বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।

পরবর্তীতে ধারণকৃত ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়ার ভয় দেখিয়ে অভিযুক্ত বিভিন্ন সময়ে বাদীকে বিভিন্ন স্থানে নিয়ে গিয়ে বারবার ধর্ষণ করে। একাধিকবার বিবাহের কথা বললেও অভিযুক্ত ইচ্ছাকৃতভাবে সময় ক্ষেপণ করতে থাকে বলেও এজাহারে উল্লেখ রয়েছে।

এজাহারে আরও বলা হয়, সর্বশেষ গত ১৭ ডিসেম্বর দুপুর আনুমানিক ১২টার দিকে বরিশাল নগরীর নবগ্রাম রোড এলাকায় অভিযুক্ত বাদীকে স্পষ্টভাবে জানিয়ে দেয় যে সে আর বিবাহ করবে না। এ সময় বাদী প্রতিবাদ করলে অভিযুক্ত তাকে হত্যার উদ্দেশ্যে মোটরসাইকেলের হেলমেট দিয়ে মাথায় আঘাত করার চেষ্টা করে। বাদী মাথা সরিয়ে নিলে আঘাতটি তার ঠোঁটে লাগে, এতে ঠোঁট ফেটে গুরুতর জখম হয়। এ ঘটনায় বাদীর মা-সহ একাধিক ব্যক্তি সাক্ষী হিসেবে রয়েছেন বলে এজাহারে উল্লেখ করা হয়েছে।

অভিযুক্ত সুবহান আল তালুকদার বর্তমানে ধর্ষণ প্রতিরোধ মঞ্চ, বরিশাল বিভাগের সদস্য সচিব হিসেবে পরিচিত। অভিযোগ রয়েছে, তার হাতেই ধর্ষণের শিকার হয়েছেন বৈষম্যবিরোধী আন্দোলনের ওই নেত্রী। এছাড়া ২০২৪ সালের ৫ আগস্টের পূর্বে তিনি নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের সক্রিয় সদস্য ছিলেন বলেও জানা গেছে। সামাজিক যোগাযোগমাধ্যমে অস্ত্র হাতে তার একাধিক ছবি ভাইরাল রয়েছে। সর্বশেষ স্বাস্থ্যখাত সংস্কার আন্দোলনের সময় বরিশাল নগর ভবনের সামনে থেকে তাকে গ্রেপ্তার করা হয়েছিল।

এ বিষয়ে বরিশাল কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আল মামুন উল ইসলাম বলেন, “ভুক্তভোগীর লিখিত এজাহার গ্রহণ করা হয়েছে। অভিযোগের বিষয়টি গুরুত্বসহকারে তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।”

আরো পড়ুন

​বানারীপাড়ায় আলতা গ্রামে ভেঙে পড়া সেতু যেন মরণফাঁদ, জনদূর্ভোগ

মাইদুল ইসলাম শফিক, বানারীপাড়া : বরিশালের বানারীপাড়া উপজেলার সদর ইউনিয়নের আলতা গ্রামে একটি গুরুত্বপূর্ণ সেতু …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *