লালমোহন প্রতিনিধি : ভোলার লালমোহনে দাবিকৃত চাঁদা না দেওয়ায় বসতঘরে হামলা, ভাঙচুর ও লুটপাটের অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় একই পরিবারের নারীসহ ৫ জন আহত হয়েছেন।
শনিবার (৪ এপ্রিল) সকালে উপজেলার পশ্চিম চরউমেদ ইউনিয়নের ৯নং ওয়ার্ডের গজারিয়া বাজার সংলগ্ন সৈনিক বাজার এলাকায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় আহতরা হলেন, মো. ইব্রাহিম মিয়া, বিবি হাছিনা, মো. শান্ত, মো. ইমন ও বিবি ইমা। তাদের লালমোহন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
আহত ও ভুক্তভোগী পরিবারের মো. ইব্রাহিম মিয়া অভিযোগ করে বলেন, তার পৈতৃক জমিতে ঘর নির্মাণের কাজ শুরু করলে স্থানীয় ইকবাল পাটোয়ারী ও তার সহযোগীরা দীর্ঘদিন ধরে মোটা অঙ্কের চাঁদা দাবি করে আসছিল।
এ বিষয়ে চাঁদা দিতে অস্বীকৃতি জানালে শনিবার সকালে দেশীয় অস্ত্র নিয়ে ইকবাল পাটোয়ারীর নেতৃত্বে নূর হোসেন পাটোয়ারী, রাশেদ পাটোয়ারী, মোজো পাটোয়ারী, ফরহাদ পাটোয়ারী ও ইমন পাটোয়ারীসহ কয়েকজন তাদের বসতঘরে হামলা চালায় বলে অভিযোগ করেন তিনি।
অভিযোগে আরও বলা হয়, হামলাকারীরা ঘরে ঢুকে আসবাবপত্র ও বসতঘর ব্যাপক ভাঙচুর করে এবং ঘরে থাকা নগদ ৩ লাখ ৫০ হাজার টাকা ও নারীদের গলায় থাকা স্বর্ণালঙ্কার ছিনিয়ে নেয়। বাধা দিতে গেলে পরিবারের সদস্যদের কুপিয়ে ও পিটিয়ে গুরুতর আহত করা হয়।
এ বিষয়ে অভিযুক্ত রাশেদ পাটোয়ারীর সঙ্গে মুঠোফোনে মাধ্যমে যোগাযোগ করা হলে তিনি অভিযোগ অস্বীকার করে ঘটনাটিকে মিথ্যা ও বানোয়াট দাবি করেন।
এ বিষয়ে লালমোহন থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. অলিউল ইসলাম বলেন, উভয় পক্ষের ঘটনার স্থলে পুলিশের একটি টিম পাঠানো হয়েছে। নূর হোসেন নামের এক ব্যাক্তির একটি অভিযোগ পেয়েছি অপর পক্ষ অভিযোগ করলে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
Daily Bangladesh Bani বৈষম্য ও অন্যায়ের বিরুদ্ধে আমাদের দৈনিক প্রতিশ্রুতিবদ্ধ। আমরা সত্য ও ন্যায়ের পক্ষে দাঁড়িয়ে, সমাজের অন্ধকার দিকগুলো উন্মোচন করে প্রতিটি মানুষের সমান অধিকারের প্রচার করি।