এইচ এম আনিছুর রহমান, মেহেন্দিগঞ্জ প্রতিনিধিঃ
মেহেন্দিগঞ্জ উপজেলার উলানিয়া ইউনিয়নের লক্ষ্মীপুর গ্রামে চিহ্নিত সন্ত্রাসী ছালাউদ্দিন ছালার বেপরোয়া কর্মকাণ্ডে অতিষ্ঠ হয়ে উঠেছে গোটা এলাকার সাধারণ মানুষ।
চাঁদাবাজি, ঘরবাড়ি দখল এবং সাধারণ মানুষকে হেনস্তা করাই যেন তার নিত্যদিনের কাজ। তার অব্যাহত অত্যাচারে একটি প্রবাসী পরিবার এখন ভিটেমাটি হারানোর শঙ্কায় দিন কাটাচ্ছে। ভুক্তভোগী ও স্থানীয় সূত্রে জানা যায়, ওই এলাকার প্রবাসী বেল্লাল খলিফা (সবুজ খলিফা) তিন বছর পূর্বে লক্ষিপুর গ্রামে ৮ শতক জমি কিনে ঘর নির্মাণ শুরু করেন।
অভিযোগ রয়েছে, ঘর নির্মাণের সময় ছলাউদ্দিন জোরপূর্বক এক লক্ষ টাকা চাঁদা দাবি করে এবং তা আদায় করে নেয়। কিন্তু চাঁদা দিয়েও শেষ রক্ষা হয়নি। পরিবারটি বাড়িতে বসবাস শুরু করলে একের পর এক অত্যাচার শুরু করে ছালা।
সন্ত্রাসী হামলার ভয়ে পরিবারটি ঘরবাড়ি রেখে অন্যত্র আশ্রয় নিলে, ছালাউদ্দিন ঘরের তালা ভেঙে ভেতরে থাকা ৩৫ বস্তা সিমেন্ট, রড ও বালু লুট করে নিয়ে যায় বলে অভিযোগ রয়েছে।
এমনকি ছালাউদ্দিন তার সহযোগীদের নিয়ে ওই বাড়িতে অবৈধভাবে আড্ডা ও মাদক সেবনের আস্তানা হিসেবে বেচে নেয়।
এছাড়াও ওই ঘরের পল্লী বিদ্যুতের মিটার থেকে অবৈধ সংযোগ নিয়ে পানি সেচের কাজে ব্যবহার করছে ছালা।
প্রবাসির মেয়ের জামাই বরিশাল জেলা ছাত্রদলের সহ-সাধারন সম্পাদক আল আমিন জানান, শশুর বাড়ির নিরাপত্তার জন্য স্থানীয় মসজিদের ইমাম শামীমকে সেখানে থাকতে দেওয়া হলে তাকেও অকথ্য ভাষায় গালিগালাজ করে বের করে দেয় এই সন্ত্রাসী।
বর্তমানে প্রবাসীর পুরো সম্পত্তিটি দখলের জন্য মরিয়া হয়ে উঠেছে ছলাউদ্দিন।
এলাকাবাসী জানায়, ছালাউদ্দিন একজন পেশাদার অপরাধী। তার বিরুদ্ধে হিজলা এবং মেহেন্দিগঞ্জ থানায় একাধিক মামলা রয়েছে। এরপরেও একের পর এক অপরাধ করেও এলাকায় বুক ফুলিয়ে ঘুরে বেড়ানোয় সাধারণ মানুষের মাঝে চরম আতঙ্ক বিরাজ করছে।
ছালাউদ্দিনের এমন বেপরোয়া আচরণ ও ত্রাসের রাজত্ব থেকে বাঁচতে এবং প্রবাসীর পরিবারটির জানমালের নিরাপত্তা নিশ্চিতে স্থানীয় প্রশাসনের ঊর্ধ্বতন মহলের জরুরি হস্তক্ষেপ ও দৃষ্টান্তমূলক শাস্তি কামনা করেছেন এলাকাবাসী।
এব্যাপারে ছালাউদ্দিনের মুঠোফোনে জানতে চাইলে তিনি বিষয়টি অস্বীকার করেন।
Daily Bangladesh Bani বৈষম্য ও অন্যায়ের বিরুদ্ধে আমাদের দৈনিক প্রতিশ্রুতিবদ্ধ। আমরা সত্য ও ন্যায়ের পক্ষে দাঁড়িয়ে, সমাজের অন্ধকার দিকগুলো উন্মোচন করে প্রতিটি মানুষের সমান অধিকারের প্রচার করি।