সোলায়মান তুহিন, গৌরনদী (বরিশাল):
বরিশাল-১ (গৌরনদী-আগৈলঝাড়া) আসনের বারবার নির্বাচিত সংসদ সদস্য এবং গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচারমন্ত্রী এম জহির উদ্দিন স্বপনের একমাত্র পুত্র মো. আপন জহিরের বিবাহত্তর সংবর্ধনা অনুষ্ঠান শনিবার রাতে ঢাকার সেনাকুঞ্জে অনুষ্ঠিত হয়েছে।
জাঁকজমকপূর্ণ এ অনুষ্ঠানে দেশের শীর্ষ পর্যায়ের রাজনৈতিক, প্রশাসনিক, সামরিক ও বিভিন্ন অঙ্গনের বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে প্রধানমন্ত্রী তারেক রহমান, মন্ত্রিপরিষদের সদস্য, উপদেষ্টা, সচিব, ঊর্ধ্বতন সরকারি কর্মকর্তা, কূটনীতিকসহ বিভিন্ন শ্রেণি-পেশার আমন্ত্রিত অতিথিরা অংশ নেন।
তথ্য ও সম্প্রচারমন্ত্রী এম জহির উদ্দিন স্বপনের বিশেষ আমন্ত্রণে তাঁর নির্বাচনী এলাকা গৌরনদী ও আগৈলঝাড়া উপজেলার প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তারাও অনুষ্ঠানে যোগ দেন।
উপস্থিত কর্মকর্তাদের মধ্যে ছিলেন গৌরনদী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. ইব্রাহীম, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. মেহেদী হাসান, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. পলাশ সরকার, গৌরনদী পৌরসভার নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ হারুন অর রশিদ এবং উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা খোকন চন্দ্র দাস।
গৌরনদী উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ইব্রাহীম বলেন, “মাননীয় তথ্য ও সম্প্রচারমন্ত্রী এম জহির উদ্দিন স্বপন স্যারের আমন্ত্রণে আমরা অনুষ্ঠানে অংশগ্রহণের সুযোগ পেয়েছি। অনুষ্ঠানে প্রধানমন্ত্রী, মন্ত্রী, সচিব, উপদেষ্টাসহ দেশের বিভিন্ন গুরুত্বপূর্ণ ব্যক্তিত্ব উপস্থিত ছিলেন। ব্যস্ততার মধ্যেও মন্ত্রী মহোদয় আমাদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেছেন, খোঁজখবর নিয়েছেন এবং আন্তরিক সময় দিয়েছেন। এটি আমাদের জন্য অত্যন্ত আনন্দের ও স্মরণীয় একটি অভিজ্ঞতা।”
অনুষ্ঠানে অংশ নেওয়া কয়েকজন প্রশাসনিক কর্মকর্তা জানান, বিপুল সংখ্যক ভিআইপি অতিথির উপস্থিতি সত্ত্বেও মন্ত্রী এম জহির উদ্দিন স্বপন তাদের সঙ্গে সৌহার্দ্যপূর্ণ আচরণ করেন এবং আন্তরিকতার সঙ্গে কুশল বিনিময় করেন। তাঁর অতিথিপরায়ণতা ও আন্তরিক ব্যবহারে তারা মুগ্ধ হয়েছেন বলেও জানান।
সংবর্ধনা অনুষ্ঠানে উপস্থিত কর্মকর্তারা নবদম্পতির সুখী, সমৃদ্ধ ও সফল দাম্পত্য জীবন কামনা করেন।
অনুষ্ঠিষ্টি পারিবারিক আয়োজন হলেও সেখানে দেশের বিভিন্ন পর্যায়ের গুরুত্বপূর্ণ ব্যক্তিদের উপস্থিতি এবং নির্বাচনী এলাকার প্রশাসনিক কর্মকর্তাদের আমন্ত্রণ জানানোর বিষয়টি উপস্থিত অতিথিদের দৃষ্টি আকর্ষণ করে। অনুষ্ঠানটি সৌহার্দ্যপূর্ণ পরিবেশে সম্পন্ন হয়।
Daily Bangladesh Bani বৈষম্য ও অন্যায়ের বিরুদ্ধে আমাদের দৈনিক প্রতিশ্রুতিবদ্ধ। আমরা সত্য ও ন্যায়ের পক্ষে দাঁড়িয়ে, সমাজের অন্ধকার দিকগুলো উন্মোচন করে প্রতিটি মানুষের সমান অধিকারের প্রচার করি।