আবু জিহাদ আমতলী প্রতিনিধি :
পরিবেশের ভারসাম্য রক্ষা, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা এবং সবুজ বাংলাদেশ গড়ার লক্ষ্যে মাননীয় প্রধানমন্ত্রীর ঘোষিত বৃক্ষরোপণ কর্মসূচির আওতায় বরগুনার আমতলী পৌরসভা চত্বরে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করা হয়েছে।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বৃক্ষরোপণ কর্মসূচির শুভ সূচনা করেন আমতলী উপজেলা নির্বাহী অফিসার ও আমতলী পৌরসভার সম্মানিত প্রশাসক মুহাম্মাদ জাফর আরিফ চৌধুরী।
এ সময় উপস্থিত ছিলেন আমতলী সাংবাদিক সমন্বয় পরিষদের সভাপতি মো. জাকির হোসেন, সাংবাদিক ও মানবাধিকার কর্মী মো. আবু জিহাদ, বিভিন্ন গণমাধ্যমকর্মী, সুশীল সমাজের প্রতিনিধিবৃন্দ, শিক্ষক, আইনজীবী, পৌরসভার কর্মকর্তা-কর্মচারী এবং পৌরসভায় সেবা নিতে আসা সাধারণ মানুষ।
অনুষ্ঠানে বক্তারা বলেন, একটি গাছ শুধু অক্সিজেনের উৎস নয়, বরং পরিবেশের নীরব বন্ধু। গাছ আমাদের জীববৈচিত্র্য সংরক্ষণ, বায়ুদূষণ নিয়ন্ত্রণ, তাপমাত্রা হ্রাস এবং জলবায়ু পরিবর্তনের ক্ষতিকর প্রভাব মোকাবিলায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।
তাই প্রতিটি নাগরিকের উচিত নিজ নিজ অবস্থান থেকে বেশি বেশি গাছ লাগানো এবং পরিচর্যা করা।
বক্তারা আরও বলেন, পরিবেশ সংরক্ষণে বর্তমান সরকারের বৃক্ষরোপণ কর্মসূচি একটি যুগান্তকারী উদ্যোগ।
দেশের প্রতিটি অঞ্চলে ব্যাপক বৃক্ষরোপণের মাধ্যমে সবুজায়ন বৃদ্ধি, পরিবেশের ভারসাম্য রক্ষা এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি বাসযোগ্য বাংলাদেশ গড়ে তোলাই এ কর্মসূচির মূল লক্ষ্য।
অনুষ্ঠান শেষে উপস্থিত অতিথিরা বিভিন্ন প্রজাতির ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা রোপণ করেন এবং সকলকে অন্তত একটি করে গাছ রোপণ ও তার যথাযথ পরিচর্যা করার আহ্বান জানান।
Daily Bangladesh Bani বৈষম্য ও অন্যায়ের বিরুদ্ধে আমাদের দৈনিক প্রতিশ্রুতিবদ্ধ। আমরা সত্য ও ন্যায়ের পক্ষে দাঁড়িয়ে, সমাজের অন্ধকার দিকগুলো উন্মোচন করে প্রতিটি মানুষের সমান অধিকারের প্রচার করি।