মঙ্গলবার, জুন ৩০, ২০২৬

সরকারিভাবে জর্ডান ও ব্রুনাইয়ে কর্মী নিয়োগ; স্বল্প খরচে বিদেশে কর্মসংস্থানের সুযোগ

সোলায়মান তুহিন, গৌরনদী (বরিশাল):

সরকারিভাবে স্বল্প খরচে বিদেশে কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করতে জর্ডান ও ব্রুনাইয়ে বিভিন্ন পদে জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের অধীন বাংলাদেশ ওভারসিজ এমপ্লয়মেন্ট অ্যান্ড সার্ভিসেস লিমিটেড (বোয়েসেল)। একই সঙ্গে বিদেশে কর্মী নিয়োগের ক্ষেত্রে বোয়েসেলের কোনো এজেন্ট, সাব-এজেন্ট বা প্রতিনিধির অস্তিত্ব নেই বলে পুনরায় সতর্ক করেছে সংস্থাটি।

বোয়েসেল সূত্রে জানা গেছে, জর্ডানের GALAXY APPAREL Company-তে ৪৩ জন দক্ষ মহিলা মেশিন অপারেটর নিয়োগ দেওয়া হবে। প্রার্থীদের বয়স ২০ থেকে ৩৬ বছর হতে হবে এবং সংশ্লিষ্ট কাজে বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে।

নিয়োগপ্রাপ্ত কর্মীরা মাসিক ১৩০ জর্ডানিয়ান দিনার (JD) মূল বেতন পাবেন। দৈনিক ৮ ঘণ্টা, সপ্তাহে ৬ দিন কাজ করতে হবে এবং প্রয়োজন অনুযায়ী ওভারটাইমের সুযোগ থাকবে। তিন বছরের নবায়নযোগ্য চুক্তির আওতায় নিয়োগ দেওয়া হবে। নিয়োগকারী প্রতিষ্ঠান কর্মীদের থাকা, খাওয়া, প্রাথমিক চিকিৎসা, পরিবহন এবং যাওয়া-আসার বিমান ভাড়া বহন করবে।

বোয়েসেল জানিয়েছে, নির্বাচিত প্রার্থীদের কেবল মেডিক্যাল ফি ১ হাজার টাকা এবং ফিঙ্গারপ্রিন্ট বাবদ ২২০ টাকা পরিশোধ করতে হবে। এর বাইরে কোনো অতিরিক্ত অর্থ প্রদানের প্রয়োজন নেই।

এদিকে, সরকারিভাবে ব্রুনাইয়ে ৪৪ জন দক্ষ পুরুষ কর্মী নিয়োগেরও বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। বিভিন্ন প্রতিষ্ঠানে জেনারেল লেবারার, ওয়েল্ডার, গ্লাস কাটার, মেকানিক, অপারেটর, হেভি ভেহিকেল ড্রাইভার, কার্পেন্টার, রাজমিস্ত্রি, অ্যালুমিনিয়াম ফেব্রিকেটর, পেইন্টার, ওয়েটার, ক্লিনার, দোকান শ্রমিক ও নির্মাণ শ্রমিকসহ বিভিন্ন পদে নিয়োগ দেওয়া হবে।

বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, অধিকাংশ পদের জন্য ২ থেকে ৩ বছরের বাস্তব অভিজ্ঞতা প্রয়োজন। পদভেদে দৈনিক ২০ থেকে ২২ ব্রুনাই ডলার অথবা মাসিক ৬০০ ব্রুনাই ডলার পর্যন্ত বেতন নির্ধারণ করা হয়েছে।

ব্রুনাইয়ের চাকরির ক্ষেত্রে দুই বছরের নবায়নযোগ্য চুক্তি থাকবে। কর্মীদের আবাসনের ব্যবস্থা নিয়োগকারী প্রতিষ্ঠান করলেও খাবারের ব্যয় কর্মীকেই বহন করতে হবে। বিমান ভাড়া নিয়োগকারী প্রতিষ্ঠান বহন করবে এবং অন্যান্য সুবিধা ব্রুনাইয়ের শ্রম আইন অনুযায়ী দেওয়া হবে।

বোয়েসেল জানিয়েছে, আগ্রহীদের অনলাইনে আবেদন করতে হবে। অনলাইন আবেদনের জন্য ১০০ টাকা আবেদন ফি নির্ধারণ করা হয়েছে। তবে আবেদন করলেই চাকরি নিশ্চিত হবে না; প্রার্থীদের সাক্ষাৎকার ও দক্ষতা যাচাই পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে।

সংস্থাটি আরও জানিয়েছে, চূড়ান্তভাবে নির্বাচিত ব্রুনাইগামী কর্মীদের দক্ষতার ভিত্তিতে নির্ধারিত সার্ভিস চার্জ ব্যাংকের মাধ্যমে পরিশোধ করতে হবে। নগদ অর্থ লেনদেন থেকে বিরত থাকারও আহ্বান জানানো হয়েছে।

বোয়েসেল বিশেষভাবে সতর্ক করে জানিয়েছে, বিদেশে কর্মী নিয়োগ প্রক্রিয়ায় বোয়েসেলের কোনো এজেন্ট, সাব-এজেন্ট, প্রতিনিধি বা শাখা অফিস নেই। কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠান নির্ধারিত ফি-এর বাইরে অতিরিক্ত অর্থ দাবি করলে তাকে প্রতারক হিসেবে বিবেচনা করতে হবে।

প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের কর্মকর্তারা বলেছেন, বিদেশগামী কর্মীদের নিরাপদ, স্বচ্ছ ও কম খরচে কর্মসংস্থানের সুযোগ নিশ্চিত করতে সরকার সরাসরি বোয়েসেলের মাধ্যমে এ নিয়োগ কার্যক্রম পরিচালনা করছে। আগ্রহীদের শুধুমাত্র সরকারি নির্দেশনা অনুসরণ করে আবেদন করার এবং দালালচক্রের প্রলোভনে পা না দেওয়ার আহ্বান জানানো হয়েছে।

আরো পড়ুন

আইনজীবী নাথুরাম ভৌমিক না ফেরার দেশে চলে গেছেন

বিশ্বাস শিহাব পারভেজ মিঠু,কলাপাড়া  পটুয়াখালী  জেলা আইনজীবী সমিতির সদস্য, কলাপাড়া আইনজীবী সমিতির বারবার নির্বাচিত সাবেক …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *