মঙ্গলবার, জুন ৩০, ২০২৬

ওয়ান চাইল্ড, ওয়ান ট্রি’ কর্মসূচির অংশ হিসেবে টরকী বন্দর বালিকা বিদ্যালয়ে বৃক্ষরোপণ

সোলায়মান তুহিন, গৌরনদী (বরিশাল):

প্রধানমন্ত্রী তারেক রহমান ঘোষিত পাঁচ বছরে ২৫ কোটি গাছের চারা রোপণের লক্ষ্যমাত্রা এবং ‘ওয়ান চাইল্ড, ওয়ান ট্রি’ কর্মসূচির অংশ হিসেবে বরিশালের গৌরনদী উপজেলার টরকী বন্দর মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা রোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (২৯ জুন) বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত এ কর্মসূচিতে শিক্ষার্থীদের মধ্যে পরিবেশ সংরক্ষণ, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা এবং সবুজ বাংলাদেশ গড়ে তোলার বিষয়ে সচেতনতা সৃষ্টি করা হয়। একই সঙ্গে প্রতিটি শিক্ষার্থীকে অন্তত একটি করে গাছ রোপণ ও পরিচর্যার মাধ্যমে পরিবেশ রক্ষায় সক্রিয় ভূমিকা রাখার আহ্বান জানানো হয়।

বৃক্ষরোপণ কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গৌরনদী উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক ও বার্থী ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আলহাজ আবুল হোসেন মিয়া। এছাড়াও উপস্থিত ছিলেন গৌরনদী পৌর বিএনপির আহ্বায়ক মো. জাকির হোসেন শরীফ, টরকী বন্দর ব্যবসায়ী সমিতির কোষাধ্যক্ষ অলিউল ইসলাম, বিদ্যালয়ের প্রধান শিক্ষক ব্রজেন্দ্রনাথ বিশ্বাস, মো. আনোয়ার হোসেনসহ বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকা, শিক্ষার্থী এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

প্রধান অতিথির বক্তব্যে আলহাজ আবুল হোসেন মিয়া বলেন, “পরিবেশ রক্ষা এবং আগামী প্রজন্মের জন্য একটি বাসযোগ্য বাংলাদেশ গড়ে তুলতে বৃক্ষরোপণের কোনো বিকল্প নেই। একটি গাছ শুধু অক্সিজেনই দেয় না, এটি মানুষের জীবন, জীববৈচিত্র্য ও পরিবেশের ভারসাম্য রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। ‘ওয়ান চাইল্ড, ওয়ান ট্রি’ কর্মসূচির মাধ্যমে শিক্ষার্থীদের মধ্যে পরিবেশ সচেতনতা সৃষ্টি হবে এবং তারা ছোটবেলা থেকেই প্রকৃতি সংরক্ষণের দায়িত্ববোধ অর্জন করবে। প্রত্যেক শিক্ষার্থী যদি অন্তত একটি করে গাছ রোপণ করে নিয়মিত পরিচর্যা করে, তাহলে সবুজ, নিরাপদ ও সমৃদ্ধ বাংলাদেশ গড়ার লক্ষ্য বাস্তবায়ন অনেক সহজ হবে।”

অনুষ্ঠানে বক্তারা বলেন, বৃক্ষ শুধু পরিবেশের ভারসাম্য রক্ষাই করে না, এটি প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলা, জীববৈচিত্র্য সংরক্ষণ, বায়ুদূষণ হ্রাস এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি বাসযোগ্য পৃথিবী গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তাই প্রতিটি শিক্ষার্থীকে অন্তত একটি করে গাছ রোপণ ও পরিচর্যার দায়িত্ব নেওয়ার আহ্বান জানান তারা।

বক্তারা আরও বলেন, শিক্ষাপ্রতিষ্ঠানভিত্তিক এ ধরনের সবুজায়ন কর্মসূচি শিক্ষার্থীদের মধ্যে পরিবেশ সচেতনতা বৃদ্ধি করবে এবং একটি সবুজ, পরিচ্ছন্ন ও টেকসই বাংলাদেশ বিনির্মাণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। পাশাপাশি শিক্ষার্থীদের মাঝে প্রকৃতিপ্রেম, সামাজিক দায়িত্ববোধ ও পরিবেশ সংরক্ষণের মানসিকতা গড়ে তুলতেও এ ধরনের উদ্যোগ কার্যকর ভূমিকা রাখবে।

অনুষ্ঠান শেষে অতিথিবৃন্দ বিদ্যালয় প্রাঙ্গণে বিভিন্ন প্রজাতির ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা রোপণ করেন। পরে শিক্ষার্থীদের মধ্যে গাছের চারা বিতরণ করা হয় এবং প্রতিটি চারা নিয়মিত পরিচর্যার মাধ্যমে সবুজ পরিবেশ গড়ে তোলার আহ্বান জানানো হয়।

আরো পড়ুন

আইনজীবী নাথুরাম ভৌমিক না ফেরার দেশে চলে গেছেন

বিশ্বাস শিহাব পারভেজ মিঠু,কলাপাড়া  পটুয়াখালী  জেলা আইনজীবী সমিতির সদস্য, কলাপাড়া আইনজীবী সমিতির বারবার নির্বাচিত সাবেক …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *