বৃহস্পতিবার, জুলাই ২, ২০২৬

বরিশালে জেন্ডার স্টেরিওটাইপ ও সহিংসতা প্রতিরোধে বিভাগীয় অ্যাডভোকেসি সভা অনুষ্ঠিত

নিজস্ব প্রতিনিধিঃ
নারী ও পুরুষের অধিকার নিশ্চিতকরণ, জেন্ডারভিত্তিক বৈষম্য ও সহিংসতা প্রতিরোধ এবং সমাজে প্রচলিত ভুল ধারণা পরিবর্তনের লক্ষ্যে বরিশালে  বিভাগীয় পর্যায়ের অ্যাডভোকেসি সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার ২রা জুলাই দুপুর ৩ ঘটিকায়  নগরীর রিচমার্ট কনফারেন্স কক্ষে এই আয়োজন করা হয়।
উক্ত  সভায় প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন বরিশাল জেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের উপ-পরিচালক মুন্নি আক্তার, যুব উন্নয়ন অধিদপ্তরের সহকারী পরিচালক জনাব প্রিন্স বাহউদ্দিন তালুকদার, উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরো, বরিশাল এর জেলা কোঅর্ডিনেটর জনাব এইচ এম হুমায়ুন কবীর এবং জেলা সমাজসেবা কার্যালয়ের প্রবেশন অফিসার জনাব ভবানী শংকর বল। এছাড়াও, স্থানীয় যুবসমাজ, যুব নেতৃত্বাধীন সংগঠনের প্রতিনিধি, সংবাদকর্মী, কনটেন্ট নির্মাতা এবং বিভিন্ন উন্নয়ন সংস্থার প্রতিনিধিরা সভায় অংশগ্রহণ করেন।
সভায়, সমাজে নারী-পুরুষ সম্পর্কিত প্রচলিত ভুল ধারণা বা জেন্ডার স্টেরিওটাইপ, জেন্ডার বৈষম্য, ও জেন্ডারভিত্তিক সহিংসতা মোকাবিলায় বিভিন্ন প্রস্তাব উপস্থাপন করা হয়। সভায় অংশগ্রহণকারীরা নিজেদের জায়গা থেকে সমস্যাগুলোকে মোকাবিলার জন্য অঙ্গীকারবদ্ধ হন। পাশাপাশি এই কাজ করতে গিয়ে তরুণদের অভিজ্ঞতা ও বাস্তব চ্যালেঞ্জ তুলে ধরা হয়।
ডিজিটাল সহিংসতা, মানসিক সহিংসতা ও শারীরিক সহিংসতা প্রতিরোধে পারিবারিক সচেতনতার গুরুত্ব তুলে ধরে জেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের উপ-পরিচালক মুন্নি আক্তার বলেন, “বাল্যবিয়ে এবং জেন্ডারভিত্তিক সহিংসতা প্রতিরোধে শুধু সচেতনতাই যথেষ্ট নয়, বরং মাঠপর্যায়ে অ্যাডভোকেসি বা কনটেন্ট তৈরির পর তরুণদের সুরক্ষায় সরকারি সংস্থাসমূহ এবং প্রয়োজন সাপেক্ষে পুলিশ প্রশাসন সব ধরনের নিরাপত্তা ও সহায়তা দিতে প্রতিশ্রুতিবদ্ধ। এছাড়া প্রয়োজন সাপেক্ষে যুবদের যেকোনো সেমিনারের জন্য আমাদের অধিদপ্তর থেকে ভেন্যু সুবিধা প্রদান করা হবে।”
বরিশালে জেন্ডারভিত্তিক সহিংসতার বর্তমান পরিস্থিতি তুলে ধরে যুব উন্নয়ন অধিদপ্তরের সহকারী পরিচালক জনাব প্রিন্স বাহউদ্দিন তালুকদার বলেন, “তরুণদের নেতৃত্ব বিকাশ এবং কর্মক্ষেত্রে নারীদের প্রতি বৈষম্য দূর করতে আমাদের মানসিকতার পরিবর্তন জরুরি। যুব উন্নয়ন অধিদপ্তর জেন্ডার-সংবেদনশীল কর্মপরিবেশ তৈরিতে কাজ করছে। এছাড়া যুব-নেতৃত্বাধীন সংগঠনগুলোর (YLO) সুবিধার্থে নিবন্ধন প্রক্রিয়া এখন অনেক সহজ করা হয়েছে এবং ১৮-৩৫ বছর বয়সী যোগ্য যুবকদের আমরা বিভিন্ন অর্থায়নের (Funding) সুযোগের সাথে সম্পৃক্ত করতে কার্যকর ভূমিকা রাখব। এছাড়াও কন্টেন্ট ক্রিয়েটরদের কীভাবে অর্থায়নের আওতায় আনা যায় সে বিষয়ে আমরা সুপারিশ জানাব।”
নারীর অধিকার আদায় ও পেশাগত বৈষম্য প্রসঙ্গে যুব নেতৃত্বাধীন সংগঠনের প্রতিনিধি নুসরাত জাহান বলেন, “সমাজে এখনো নারীদের পেশাগত আকাঙ্ক্ষাকে ইতিবাচকভাবে না দেখে অনেক সময় পারিবারিক ভাঙন বা ডিভোর্সের মতো ঘটনার সাথে জড়িয়ে ভুল ব্যাখ্যা দেওয়া হয়। কর্মক্ষেত্রেও নারীরা নানা বৈষম্যের শিকার হন। আমাদের দাবি—পরিবার ও কর্মক্ষেত্র উভয় জায়গাতেই পারস্পরিক শ্রদ্ধা, সহজ যোগাযোগ এবং সমান দায়িত্ব ভাগাভাগির সংস্কৃতি তৈরি করা হোক।”
অনুষ্ঠানে উপস্থিত ভলান্টিয়ার ফর বাংলাদেশের প্রতিনিধি ও স্থানীয় কন্টেন্ট ক্রিয়েটর আতিকুর রহমান বলেন, “তরুণরা আজ সাইবার বুলিং, ব্ল্যাকমেইল ও ফেক নিউজের মতো মারাত্মক অনলাইন সহিংসতার মুখোমুখি হচ্ছে। একই সাথে দুর্গম এলাকায় মেয়েদের পড়াশোনা বন্ধ হওয়া এবং খেলাধুলায় তাদের অংশগ্রহণে পারিবারিক সমর্থনের অভাবও একটি বড় চ্যালেঞ্জ। আমরা তরুণরা পিয়ার এডুকেটর বা সহপাঠী প্রশিক্ষক হিসেবে কাজ করে স্কুল-কলেজে ডিজিটাল নিরাপত্তা, সাইবার এথিক্স এবং বাল্যবিয়ে বিরোধী সচেতনতা ছড়িয়ে দিতে অঙ্গীকারবদ্ধ।”
জেলা সমাজসেবা কার্যালয়ের প্রবেশন অফিসার জনাব ভবানী শংকর বল বলেন, “সামাজিক চ্যালেঞ্জগুলো মোকাবিলায় যুব সমাজের এই উদ্যোগ অত্যন্ত প্রশংসনীয়। সমাজসেবা কার্যালয়ের পক্ষ থেকে যুবকদের যেকোনো গঠনমূলক সেমিনার বা সেশনের জন্য ভেন্যু দিয়ে সহায়তা করা হবে। তবে এই পরিবর্তনকে টেকসই করতে যুব সংগঠনগুলোকে সংশ্লিষ্ট সরকারি দপ্তরগুলোর সাথে নিয়মিত যোগাযোগ বজায় রাখার আহ্বান জানাই।”
জাগো ফাউন্ডেশন ট্রাস্ট ও প্ল্যান ইন্টারন্যাশনাল বাংলাদেশ -এর যৌথ উদ্যোগে বাস্তবায়িত ‘সমতায় তারুণ্য’ প্রকল্পের আওতায় এই সভার আয়োজন করা হয়। সভায় প্রকল্প সংশ্লিষ্ট প্রতিনিধিরাও উপস্থিত ছিলেন। নেদারল্যান্ডস সরকারের আর্থিক সহায়তায় চার বছর মেয়াদি এই প্রকল্পটি বাংলাদেশের আটটি বিভাগে যৌথভাবে বাস্তবায়িত হচ্ছে। সমাজে জেন্ডারভিত্তিক সহিংসতা প্রতিরোধ এবং নেতিবাচক জেন্ডার ধারণা পরিবর্তনের লক্ষ্যে যুব ও যুব-নেতৃত্বাধীন সংগঠন, গণমাধ্যমকর্মী, সামাজিক যোগাযোগমাধ্যমের প্রভাবক এবং অন্যান্য গুরুত্বপূর্ণ অংশীজনদের সম্পৃক্ত করে কাজ করছে প্রকল্পটি।

আরো পড়ুন

পিরোজপুরে ‘নজরুল বর্ষ’ উদ্বোধন, তিনদিনব্যাপী কর্মসূচি ঘোষণা

জাকির হোসেন  জাতীয় কবি কাজী নজরুল ইসলামের জন্মজয়ন্তী উপলক্ষে পিরোজপুরে জেলা প্রশাসনের উদ্যোগে ‘নজরুল বর্ষ’-এর …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *