সোমবার, অক্টোবর ৫, ২০২৬

লালমোহন গজারিয়া কৃষ্ণ কালী মন্দিরে দুর্ধর্ষ চুরি।

লালমোহন (ভোলা) উপজেলা প্রতিনিধি 
ভোলার লালমোহন উপজেলার গজারিয়া বাজারে অবস্থিত কৃষ্ণ কালী মন্দিরে শুক্রবার (৩ জুলাই) দুপুরে দুর্ধর্ষ চুরির ঘটনা ঘটেছে। এ ঘটনায় এলাকাজুড়ে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। মন্দিরের সিসিটিভি ফুটেজে অজ্ঞাত একজনকে বস্তার মধ্যে ভরে মালামাল নিয়ে যেতে দেখা গেছে।
স্থানীয় সূত্রে জানা যায়, দুর্বৃত্তরা দুপুরের দিকে মন্দিরে প্রবেশ করে চুরির ঘটনা ঘটিয়ে পালিয়ে যায়। পরে বিষয়টি জানাজানি হলে স্থানীয়দের মধ্যে উদ্বেগ ছড়িয়ে পড়ে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তদন্ত শুরু করে।
গজারিয়া বাজার কৃষ্ণ কালী মন্দিরের সভাপতি তনুময় পাল জানান, দুপুরের দিকে চুরির খবর পেয়ে মন্দিরে এসে দেখি আমাদের অনেক মূল্যবান মালামাল চুরি হয়ে গেছে। আমরা সাথে সাথে আমাদের উপজেলার নেতৃবৃন্দ ও থানায় ঘটনাটি জানানোর পর তারা ঘটনাস্থলে এসে সব দেখে গেছেন। সিসিটিভি ফুটেজ একজন অজ্ঞাত লোককে দেখা গেছে মালামাল নিয়ে যেতে। আমরা দ্রুত ঘটনার সুষ্ঠু তদন্ত, চোরদের গ্রেপ্তার এবং চুরি হওয়া মালামাল উদ্ধারের দাবিতে থানায় অভিযোগ দাখিল করার প্রস্তুতি নিচ্ছি।
তিনি আরো জানান, প্রাথমিকভাবে ধারণা করছি, মন্দির থেকে প্রায় সাড়ে ৩ লাখ টাকার মালামাল চুরি হয়েছে। চুরি হওয়া মালামালের মধ্যে স্বর্ণ, পিতলের তৈরি বেশ কয়েকটি মূল্যবান বিগ্রহসহ অন্যান্য সামগ্রী রয়েছে।
এ ব্যাপারে লালমোহন থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. অলিউল ইসলাম বলেন, “খবর পেয়ে আমি ও লালমোহন সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার সত্যজিৎ কুমার ঘোষ ঘটনাস্থল পরিদর্শন করেছি। ঘটনাটি গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে। মন্দির কমিটির সদস্যদের বলেছি থানায় অভিযোগ প্রদান করতে। অভিযোগ পেলে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

আরো পড়ুন

কুয়াকাটায় পর্যটন কার্নিভাল উপলক্ষে প্রস্তুতিমূলক সভা

আসাদুজ্জামান মিরাজ, কুয়াকাটা : আগামী ২৩ ও ২৪ অক্টোবর অনুষ্ঠিতব্য ‘কুয়াকাটা পর্যটন কার্নিভাল ২০২৬’ সফলভাবে …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *