নিজস্ব প্রতিবেদকঃ
ছাত্র জমিয়ত বাংলাদেশ বরিশাল মহানগর শাখার উদ্যোগে সংগঠনের আদর্শিক, সাংগঠনিক ও নেতৃত্ব বিকাশের লক্ষ্যে একদিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।শুক্রবার (৩ জুলাই) নগরীর নতুনবাজারস্থ আবু বকর (রা.) মাদ্রাসা অডিটোরিয়ামে অনুষ্ঠিত এ কর্মশালায় মহানগর শাখার দায়িত্বশীল ও সদস্যরা অংশগ্রহণ করেন। কর্মশালায় প্রশিক্ষক হিসেবে বক্তব্য ও প্রশিক্ষণ প্রদান করেন ছাত্র জমিয়ত বাংলাদেশের কেন্দ্রীয় সহ-সভাপতি হাফেজ আব্দুর রহমান ছাব্বিত, কেন্দ্রীয় সাধারণ সম্পাদক সাআদ বিন জাকির এবং কেন্দ্রীয় সহ-সাংগঠনিক সম্পাদক শিহাব উদ্দিন। প্রশিক্ষণে বক্তারা কুরআন-সুন্নাহর আলোকে একজন আদর্শ ছাত্রকর্মীর বৈশিষ্ট্য, সংগঠনের লক্ষ্য-উদ্দেশ্য, সাংগঠনিক শৃঙ্খলা, দাওয়াতি কার্যক্রম, ব্যক্তি গঠন, নেতৃত্বের গুণাবলি এবং বর্তমান প্রেক্ষাপটে ছাত্রসমাজের করণীয় বিষয়ে বিস্তারিত আলোচনা করেন। তাঁরা বলেন, আদর্শ, আমানতদারিতা ও দক্ষতার সমন্বয়ে গড়ে ওঠা কর্মীবাহিনীই একটি শক্তিশালী ইসলামী সমাজ প্রতিষ্ঠার অন্যতম ভিত্তি।বক্তারা উপস্থিত সদস্যদের আত্মশুদ্ধি, নিয়মিত অধ্যয়ন, সাংগঠনিক দায়িত্ব পালনে নিষ্ঠা এবং ইসলামী মূল্যবোধ প্রতিষ্ঠায় অগ্রণী ভূমিকা পালনের আহ্বান জানান। কর্মশালায় উপস্থিত ছিলেন ছাত্র জমিয়ত বাংলাদেশ বরিশাল মহানগর শাখার আহ্বায়ক সুলাইমান মাহমুদ, সদস্য সচিব হাফেজ জুবায়ের আহমাদ, সদস্য আশিকুর রহমান, মো. সিয়াম, নাদীম, মো. শাওন, তাওহীদুল ইসলামসহ মহানগর শাখার বিভিন্ন পর্যায়ের দায়িত্বশীল ও সদস্যবৃন্দ। পরিশেষে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনা করে বিশেষ মোনাজাতের মাধ্যমে প্রশিক্ষণ কর্মশালার সমাপ্তি ঘোষণা করা হয়।
Daily Bangladesh Bani বৈষম্য ও অন্যায়ের বিরুদ্ধে আমাদের দৈনিক প্রতিশ্রুতিবদ্ধ। আমরা সত্য ও ন্যায়ের পক্ষে দাঁড়িয়ে, সমাজের অন্ধকার দিকগুলো উন্মোচন করে প্রতিটি মানুষের সমান অধিকারের প্রচার করি।