রবিবার, আগস্ট ১৬, ২০২৬

আমতলীতে জাতীয় মৎস্য পক্ষ উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও মতবিনিময় সভা

আবু জিহাদ আমতলী : “রুপালি মৎস্যে স্বনির্ভর দেশ, সবার আগে বাংলাদেশ”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে বরগুনার আমতলীতে জাতীয় মৎস্য পক্ষ ২০২৬ উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি, সড়ক শোভাযাত্রা, পুকুরে মাছের পোনা অবমুক্তকরণ এবং মৎস্যসম্পদ সংরক্ষণ ও টেকসই উৎপাদন বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
রোববার (১৬ আগস্ট) সকাল ১১টায় আমতলী উপজেলা পরিষদ হলরুমে উপজেলা প্রশাসন ও উপজেলা মৎস্য দপ্তরের উদ্যোগে আয়োজিত মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা তন্ময় কুমার দাস।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আমতলী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. আশরাফুল ইসলাম। এছাড়া আমতলী থানার ভারপ্রাপ্ত পুলিশ পরিদর্শক, সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, রাজনৈতিক নেতৃবৃন্দ, বিভিন্ন সাংবাদিক সংগঠনের সভাপতি ও সদস্য, মৎস্যজীবী, প্রান্তিক জেলে জনগোষ্ঠীর প্রতিনিধি, সফল মৎস্যচাষি ও মৎস্য উদ্যোক্তারা উপস্থিত ছিলেন।
জাতীয় মৎস্য পক্ষ উপলক্ষে আয়োজিত বর্ণাঢ্য র‍্যালিতে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন। র‍্যালিটি উপজেলা পরিষদ চত্বর থেকে শুরু হয়ে গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে পুনরায় উপজেলা পরিষদ প্রাঙ্গণে এসে শেষ হয়। এ সময় অংশগ্রহণকারীরা মাছের উৎপাদন বৃদ্ধি, জলাশয় সংরক্ষণ, মৎস্যসম্পদের সুষ্ঠু ব্যবস্থাপনা এবং নিরাপদ ও টেকসই মৎস্যচাষের বিষয়ে বিভিন্ন সচেতনতামূলক বার্তা তুলে ধরেন।
পরে উপজেলা পরিষদের পুকুরে বিভিন্ন প্রজাতির মাছের পোনা অবমুক্ত করা হয়। মাছের প্রাকৃতিক প্রজনন ক্ষেত্র, জলাশয় ও পুকুরের জীববৈচিত্র্য রক্ষা এবং মৎস্যসম্পদের উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে পোনা অবমুক্তকরণ কর্মসূচি পালন করা হয়।
মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে মো: আশরাফুল ইসলাম  বলেন, দেশের অর্থনীতি, পুষ্টি ও কর্মসংস্থানে মৎস্য খাতের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। মাছ উৎপাদনে বাংলাদেশ ইতোমধ্যে উল্লেখযোগ্য সাফল্য অর্জন করেছে। এই সাফল্য ধরে রাখতে হলে জলাশয় ও মৎস্যসম্পদ সংরক্ষণ, প্রাকৃতিক প্রজনন ক্ষেত্র রক্ষা, অবৈধ ও ক্ষতিকর মৎস্য আহরণ বন্ধ এবং আধুনিক প্রযুক্তিনির্ভর নিরাপদ মৎস্যচাষের ওপর গুরুত্ব দিতে হবে।
তিনি আরও বলেন, মৎস্যসম্পদের টেকসই ব্যবস্থাপনা নিশ্চিত করতে জেলে ও মৎস্যচাষিদের সরকারি সহায়তা, প্রশিক্ষণ ও প্রয়োজনীয় পরামর্শের আওতায় আনতে হবে।
সভাপতির বক্তব্যে উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা তন্ময় কুমার দাস মৎস্যসম্পদের সুষ্ঠু ব্যবস্থাপনা ও টেকসই উৎপাদনের গুরুত্ব তুলে ধরেন। তিনি মৎস্যচাষি ও জেলেদের আধুনিক পদ্ধতিতে মাছ চাষ, মৎস্যসম্পদ সংরক্ষণ এবং সরকারি নির্দেশনা মেনে মৎস্য আহরণ ও উৎপাদনের আহ্বান জানান।
তিনি আরো বলেন মৎস্যসম্পদ দেশের মানুষের প্রাণিজ আমিষের অন্যতম প্রধান উৎস। তাই ভবিষ্যৎ প্রজন্মের জন্য মৎস্যসম্পদ সংরক্ষণ এবং উৎপাদন বৃদ্ধির পাশাপাশি নিরাপদ মাছ উৎপাদন নিশ্চিত করা অত্যন্ত জরুরি।
এ ক্ষেত্রে সরকারি দপ্তরের পাশাপাশি মৎস্যচাষি, জেলে, উদ্যোক্তা ও সাধারণ জনগণের সম্মিলিত অংশগ্রহণ প্রয়োজন।
জাতীয় মৎস্য পক্ষের কর্মসূচিতে অংশগ্রহণকারীরা মৎস্যসম্পদ সংরক্ষণ, উৎপাদন বৃদ্ধি এবং মৎস্য খাতকে আরও সমৃদ্ধ করার লক্ষ্যে ঐক্যবদ্ধভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।

আরো পড়ুন

রাজাপুরে শেখ মুজিবের ৫১তম মৃত্যুবার্ষিকী পালন, নিষিদ্ধ ছাত্রলীগের কার্যক্রম নিয়ে জনমনে প্রশ্ন

বুলবুল আহমেদ, রাজাপুর প্রতিনিধি: ঝালকাঠির রাজাপুরে  শেখ মুজিবুর রহমানের ৫১তম মৃত্যুবার্ষিকী পালন করা হয়েছে। শনিবার …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *