আবু জিহাদ আমতলী প্রতিনিধি: সড়ক দূর্ঘটনা রোধে বান্দ্রা মোড়ে সিগন্যাল লাইট স্থাপনের দাবিতে আমতলী উপজেলা প্রশাসনের সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে একটি অ্যাডভোকেসি সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (২৪ আগস্ট) দুপুর ১২টায় আমতলী ইয়ুথ হাবের আয়োজনে এবং বেসরকারি উন্নয়ন সংস্থা নজরুল স্মৃতি সংসদ (এনএসএস) ও অ্যাকশনএইড বাংলাদেশের যৌথ উদ্যোগে এ সভা অনুষ্ঠিত হয়।
তারুণ্যের আলো যুব ফোরামের সভাপতি মুক্তা রানীর সঞ্চালনায় সভায় প্রধান অতিথি ছিলেন আমতলী উপজেলা এলজিইডির নির্বাহী প্রকৌশলী মো. ইদ্রিস আলী।
সভায় সভাপতিত্ব করেন এনএসএসের প্রজেক্ট, রিপোর্ট অ্যান্ড মনিটরিং কর্মকর্তা মো. হাসান মাহমুদ।
সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এলজিইডির উপসহকারী প্রকৌশলী মো. শহিদুল ইসলাম, আমতলী এলজিইডির হিসাব সহকারী মো. সাইদুর রহমান এবং এনএসএস আমতলীর অ্যাডমিন অফিসার আশুতোষ রায়।
সভায় বক্তারা বলেন, আমতলী-কলাপাড়া মহাসড়কের বান্দ্রা মোড়টি স্থানীয়ভাবে একটি গুরুত্বপূর্ণ ও ব্যস্ত সড়কসংযোগস্থল। প্রতিদিন এ সড়ক দিয়ে দূরপাল্লার বাস, ট্রাক, পিকআপ, মাহিন্দ্রা, অটোরিকশাসহ বিভিন্ন ধরনের যানবাহন চলাচল করে। পাশাপাশি স্থানীয় বাসিন্দা, শিক্ষার্থী, ব্যবসায়ী ও পথচারীদেরও নিয়মিত সড়কটি পারাপার হতে হয়। ফলে ব্যস্ত এই মোড়ে সড়ক নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা জরুরি হয়ে পড়েছে।
প্রধান অতিথির বক্তব্যে মো. ইদ্রিস আলী বলেন, গুরুত্বপূর্ণ মোড়ে আধুনিক ট্রাফিক সিগন্যাল ব্যবস্থা চালু করা হলে যানবাহনের গতি নিয়ন্ত্রণের পাশাপাশি পথচারীদের নিরাপদে সড়ক পারাপার সহজ হবে। এতে যান চলাচলে শৃঙ্খলা প্রতিষ্ঠার পাশাপাশি দুর্ঘটনার ঝুঁকিও অনেকাংশে কমানো সম্ভব হবে।
তিনি বান্দ্রা মোড়ে সিগন্যাল লাইট স্থাপনের বিষয়টি গুরুত্বের সঙ্গে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে উপস্থাপন এবং প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণে সহযোগিতার আশ্বাস দেন।
সভায় বাংলাদেশ মানবাধিকার কমিশন, আমতলী উপজেলা শাখার সাধারণ সম্পাদক ও সাংবাদিক আবু জিহাদ, আমতলী প্রেসক্লাবের যুগ্ম সম্পাদক সাংবাদিক আবদুর রহমান সালেহ, তারুণ্যের আলো যুব ফোরামের সদস্য, মানবাধিকারকর্মী, সুশীল সমাজের প্রতিনিধি, যুব প্রতিনিধি এবং বিভিন্ন গণমাধ্যমের কর্মীরা উপস্থিত ছিলেন।
সভা শেষে আমতলী উপজেলা প্রকৌশলীর কাছে একটি স্মারকলিপি প্রদান করা হয়। স্মারকলিপিতে আমতলী-কলাপাড়া মহাসড়কের বান্দ্রা মোড়ে দ্রুত সিগন্যাল লাইট স্থাপনের বিষয়টি গুরুত্বসহকারে বিবেচনা করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আহ্বান জানানো হয়।
Daily Bangladesh Bani বৈষম্য ও অন্যায়ের বিরুদ্ধে আমাদের দৈনিক প্রতিশ্রুতিবদ্ধ। আমরা সত্য ও ন্যায়ের পক্ষে দাঁড়িয়ে, সমাজের অন্ধকার দিকগুলো উন্মোচন করে প্রতিটি মানুষের সমান অধিকারের প্রচার করি।