হিজলা প্রতিনিধি: মা ইলিশ সংরক্ষণে সরকারি নিষেধাজ্ঞা বাস্তবায়নে বরিশালের হিজলায় মেঘনা নদী ও এর শাখা নদীগুলোতে অভিযান চালিয়ে ১৭ জনকে আটক করেছে নৌ পুলিশ। এ সময় ৬১ হাজার বর্গমিটার নিষিদ্ধ জাল জব্দ করা হয়েছে, যার আনুমানিক বাজারমূল্য ৩ লাখ ৬৬ হাজার টাকা।
শুক্রবার (৯ অক্টোবর) রাত ১১টা থেকে শনিবার (১০ অক্টোবর) ভোর ৬টা পর্যন্ত টানা ৭ঘণ্টা হিজলা নৌ পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. ইয়াছিনুল হকের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়। অভিযানে এসআই আশরাফ, এএসআই মনিরসহ নৌ পুলিশের সদস্যরা অংশ নেন।
নৌ পুলিশ সূত্রে জানা গেছে, সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে বিভিন্ন ধরনের নিষিদ্ধ জাল দিয়ে মা ইলিশ শিকারের অভিযোগে মেঘনা নদী ও এর শাখা নদীগুলো থেকে ১৭ জনকে আটক করা হয়। আটক ব্যক্তিদের মধ্যে সাতজন অপ্রাপ্তবয়স্ক হওয়ায় তাদের পরিবারের কাছ থেকে মুচলেকা নিয়ে অভিভাবকদের জিম্মায় হস্তান্তর করা হয়েছে।
অন্যদিকে, বাকি ১০ জনের বিরুদ্ধে হিজলা থানায় আটটি নিয়মিত মামলা করা হয়েছে। তাদের আদালতে পাঠানোর প্রক্রিয়া চলমান রয়েছে। অভিযানে জব্দ করা হয়েছে মোট ৬১ হাজার বর্গমিটার নিষিদ্ধ জাল। জব্দ করা জালের আনুমানিক মূল্য ৩ লাখ ৬৬ হাজার টাকা।
মা ইলিশ সংরক্ষণ অভিযান সফল করতে স্থানীয় জেলে ও রাজনৈতিক নেতৃবৃন্দের প্রতি আহ্বান জানিয়েছে নৌ পুলিশ। সরকারি আইন ও নিষেধাজ্ঞা মেনে চলার পাশাপাশি ইলিশের প্রজনন মৌসুমে মা ইলিশ রক্ষায় সবাইকে সহযোগিতা করার অনুরোধ জানানো হয়েছে।
নৌ পুলিশের পক্ষ থেকে বলা হয়েছে, মা ইলিশ সংরক্ষণে সরকারি নির্দেশনা বাস্তবায়ন এবং ইলিশের প্রজনন নির্বিঘ্ন রাখতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
Daily Bangladesh Bani বৈষম্য ও অন্যায়ের বিরুদ্ধে আমাদের দৈনিক প্রতিশ্রুতিবদ্ধ। আমরা সত্য ও ন্যায়ের পক্ষে দাঁড়িয়ে, সমাজের অন্ধকার দিকগুলো উন্মোচন করে প্রতিটি মানুষের সমান অধিকারের প্রচার করি।