বৃহস্পতিবার, নভেম্বর ২৬, ২০২৬

কুয়াকাটা সৈকতে পরিচ্ছন্নতা অভিযান

আসাদুজ্জামান মিরাজ, কুয়াকাটা : পর্যটন নগরী কুয়াকাটা সমুদ্রসৈকতের প্রাকৃতিক সৌন্দর্য ও পরিবেশ রক্ষায় পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করেছেন ৫০ জন স্বেচ্ছাসেবক। শনিবার (১০ অক্টোবর) বিকেল ৪টায় সৈকতের জিরো পয়েন্ট থেকে পশ্চিম দিকে আধা কিলোমিটার এলাকাজুড়ে এ পরিচ্ছন্নতা কার্যক্রম পরিচালনা করা হয়। সৈকতে পড়ে থাকা ময়লা-আবর্জনা পরিষ্কারের পাশাপাশি পর্যটনসম্পদ সংরক্ষণ ও পরিবেশ দূষণ রোধে জনসচেতনতা তৈরির লক্ষ্যে এ উদ্যোগ নেওয়া হয়।

বাংলাদেশ ট্যুরিজম বোর্ডের আয়োজনে ‘পর্যটনে তারুণ্যের উৎসব’ উদ্যোগের অংশ হিসেবে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। এতে স্থানীয় স্বেচ্ছাসেবকেরা অংশ নেন। সংশ্লিষ্ট ব্যক্তিরা মনে করেন, পর্যটনকেন্দ্রের সৌন্দর্য ধরে রাখতে নিয়মিত পরিচ্ছন্নতা কার্যক্রমের পাশাপাশি পর্যটক, ব্যবসায়ী ও স্থানীয় বাসিন্দাদের মধ্যে পরিবেশ সচেতনতা বাড়ানো প্রয়োজন।

বাংলাদেশ ট্যুরিজম বোর্ডের পরিচালক (যুগ্ম সচিব) আবু সেলিম মাহমুদ-উল হাসান বলেন, পর্যটনশিল্পের বিকাশ ও কুয়াকাটার প্রাকৃতিক সৌন্দর্য ধরে রাখতে সমুদ্রসৈকত পরিচ্ছন্ন রাখা অত্যন্ত জরুরি। পর্যটনকেন্দ্রের পরিবেশ সুন্দর ও দূষণমুক্ত থাকলে পর্যটকেরা স্বাচ্ছন্দ্যে ভ্রমণ করতে পারবেন। এ জন্য পর্যটনসংশ্লিষ্ট ব্যক্তি, স্থানীয় বাসিন্দা, ব্যবসায়ী ও পর্যটকদের সম্মিলিতভাবে দায়িত্ব পালন করতে হবে। সৈকতে যত্রতত্র ময়লা-আবর্জনা না ফেলা এবং পরিবেশ সংরক্ষণে সবাইকে সচেতন হতে হবে।

তিনি আরও বলেন, পর্যটনশিল্পের টেকসই উন্নয়নে তরুণদের সম্পৃক্ত করা গুরুত্বপূর্ণ। তরুণ স্বেচ্ছাসেবকেরা পরিচ্ছন্নতা কার্যক্রমের মাধ্যমে অন্যদের মধ্যে সচেতনতা ছড়িয়ে দিতে পারেন। এ ধরনের উদ্যোগ শুধু সৈকত পরিষ্কার রাখতেই ভূমিকা রাখবে না, বরং পর্যটনসম্পদ সংরক্ষণে মানুষের মধ্যে দায়িত্ববোধও তৈরি করবে। কুয়াকাটার প্রাকৃতিক সৌন্দর্য ও পরিবেশ রক্ষায় এ ধরনের কার্যক্রম অব্যাহত রাখার পাশাপাশি পরিচ্ছন্ন পর্যটনকেন্দ্র গড়ে তুলতে সবাইকে এগিয়ে আসতে হবে।

ট্যুর অপারেটর অ্যাসোসিয়েশন অব কুয়াকাটার (টোয়াক) সদস্য নেছার উদ্দিন হাওলাদার বলেন, কুয়াকাটা শুধু পটুয়াখালী নয়, বাংলাদেশের অন্যতম গুরুত্বপূর্ণ পর্যটনকেন্দ্র। প্রতিদিন দেশের বিভিন্ন প্রান্ত থেকে অসংখ্য পর্যটক এখানে বেড়াতে আসেন। পর্যটকদের কাছে সমুদ্রসৈকতের প্রাকৃতিক সৌন্দর্যই কুয়াকাটার প্রধান আকর্ষণ। কিন্তু সৈকতে যত্রতত্র ময়লা-আবর্জনা ফেলা হলে পরিবেশের ভারসাম্য নষ্ট হওয়ার পাশাপাশি পর্যটকদের কাছে সৈকতের সৌন্দর্যও ম্লান হয়ে যায়। তাই পর্যটনশিল্পের বিকাশের স্বার্থে সৈকত পরিচ্ছন্ন রাখা সবার দায়িত্ব।

উপকূল পরিবেশ রক্ষা আন্দোলন, কুয়াকাটার (উপরা) যুগ্ম আহ্বায়ক আবুল হোসেন রাজু বলেন, উপকূলীয় পরিবেশ ও জীববৈচিত্র্য রক্ষার সঙ্গে সমুদ্রসৈকতের পরিচ্ছন্নতা সরাসরি সম্পর্কিত। সৈকতে প্লাস্টিক, পলিথিন ও অন্যান্য অপচনশীল বর্জ্য ফেলা হলে তা পরিবেশের জন্য ক্ষতিকর হয়ে উঠতে পারে। এসব বর্জ্য সমুদ্রের পানিতে মিশে সামুদ্রিক প্রাণী ও উপকূলীয় জীববৈচিত্র্েযর ওপর বিরূপ প্রভাব ফেলতে পারে। তাই সৈকত পরিচ্ছন্ন রাখাকে কেবল সৌন্দর্য রক্ষার বিষয় হিসেবে দেখলে চলবে না; এটি পরিবেশ সংরক্ষণ ও ভবিষ্যৎ প্রজন্মের জন্য উপকূলকে নিরাপদ রাখারও গুরুত্বপূর্ণ অংশ।

কুয়াকাটা ট্যুর গাইড অ্যাসোসিয়েশনের সভাপতি কে এম বাচ্চু বলেন, পর্যটনশিল্পের বিকাশে সৈকতের প্রাকৃতিক পরিবেশ ও সৌন্দর্য রক্ষা করা জরুরি। এ জন্য পর্যটক, স্থানীয় বাসিন্দা ও সংশ্লিষ্ট সবাইকে সচেতন হতে হবে। সৈকতে ময়লা-আবর্জনা না ফেলা এবং নিয়মিত পরিচ্ছন্নতা কার্যক্রম পরিচালনার মাধ্যমে কুয়াকাটার সৌন্দর্য ধরে রাখা সম্ভব। পের্যটনসংশ্লিষ্ট ব্যক্তিদের মতে, কুয়াকাটা সৈকতের পরিচ্ছন্নতা ও পরিবেশ সংরক্ষণে এ ধরনের উদ্যোগ ইতিবাচক ভূমিকা রাখতে পারে।

সমুদ্রসৈকতের প্রাকৃতিক সৌন্দর্য অক্ষুণ্ন রাখা গেলে পর্যটকদের আকর্ষণ বাড়বে। একই সঙ্গে পর্যটনশিল্পের সঙ্গে জড়িত ব্যবসায়ী, শ্রমজীবী মানুষ ও স্থানীয় জনগোষ্ঠীর অর্থনৈতিক কর্মকাণ্ডেও ইতিবাচক প্রভাব পড়তে পারে। এ জন্য নিয়মিত পরিচ্ছন্নতা অভিযান পরিচালনার পাশাপাশি বর্জ্য ব্যবস্থাপনা জোরদার এবং জনসচেতনতা বৃদ্ধির ওপর গুরুত্ব দিয়েছেন তাঁরা। কর্মসূচিতে আরও উপস্থিত ছিলেন কুয়াকাটা খানাবাদ ডিগ্রি কলেজের সহকারী অধ্যাপক ড. শহীদুল ইসলাম শাহিন, সহকারী অধ্যাপক মো. শাহাবুদ্দিন হাওলাদার, স্থানীয় ট্যুর অপারেটর, ট্যুর গাইড, বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ ও সামাজিক ব্যক্তিরা।

 

আরো পড়ুন

ডিসেম্বর কিংবা জানুয়ারিতে বগা সেতু উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী: এমপি শফিকুল ইসলাম মাসুদ

দুমকি প্রতিনিধি: পটুয়াখালীর লোহালিয়া নদীর বগা ফেরিঘাট এলাকায় নির্মাণাধীন বগা সেতুর কাজ পরিদর্শন করেছেন পটুয়াখালী-২ …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *