মাহতাব হাওলাদার, মহিপুর প্রতিনিধি: পটুয়াখালীর কলাপাড়া ও কুয়াকাটায় সোমবার (২৩ নভেম্বর) থেকে শুরু হচ্ছে হিন্দুধর্মাবলম্বীদের শত বছরের ঐতিহ্যবাহী রাস উৎসব। পাঁচ দিনব্যাপী এ আয়োজনে দেড় থেকে দুই লাখ পুণ্যার্থী ও দর্শনার্থীর সমাগমের প্রত্যাশা করছেন আয়োজকেরা।
উৎসব উপলক্ষে কুয়াকাটার রাধাকৃষ্ণ মন্দির ও কলাপাড়ার শ্রীশ্রী মদনমোহন সেবাশ্রম সাজানো হয়েছে বর্ণিল সাজে। প্রস্তুত করা হচ্ছে ১৭ জোড়া যুগল প্রতিমা।
সোমবার রাতে কুয়াকাটার রাধাকৃষ্ণ মন্দিরে অনুষ্ঠিত হবে সংগীতানুষ্ঠান, ভাগবত পাঠ ও মহানাম কীর্তন। মঙ্গলবার ভোরে কুয়াকাটা সৈকতে অনুষ্ঠিত হবে পুণ্যস্নান। একই দিন বিকেল থেকে কলাপাড়ার মদনমোহন সেবাশ্রমে শুরু হবে তিন দিনব্যাপী রাসমেলা।
এদিকে উৎসব ঘিরে কুয়াকাটা সৈকতে বসবে সহস্রাধিক অস্থায়ী দোকান। পুণ্যার্থী ও দর্শনার্থীদের নিরাপত্তা নিশ্চিত করতে প্রশাসনের পক্ষ থেকে নেওয়া হয়েছে প্রয়োজনীয় প্রস্তুতি।
ধর্মীয় আচার-অনুষ্ঠান, পুণ্যস্নান ও মেলাকে কেন্দ্র করে উৎসবমুখর হয়ে উঠতে যাচ্ছে পর্যটনকেন্দ্র কুয়াকাটা ও কলাপাড়া।
Daily Bangladesh Bani বৈষম্য ও অন্যায়ের বিরুদ্ধে আমাদের দৈনিক প্রতিশ্রুতিবদ্ধ। আমরা সত্য ও ন্যায়ের পক্ষে দাঁড়িয়ে, সমাজের অন্ধকার দিকগুলো উন্মোচন করে প্রতিটি মানুষের সমান অধিকারের প্রচার করি।