পিরোজপুর প্রতিনিধি : পিরোজপুর-১ আসনে (সদর, ইন্দুরকানী, নাজিরপুর) প্রয়াত জামায়াতে ইসলামী নেতা মাওলানা দেলাওয়ার হোসাইন সাঈদীর ছেলে মাসুদ সাঈদী বেসরকারি ভাবে বিজয়ী হয়েছেন। তিনি দাঁড়িপাল্লা মার্কায় পেয়েছেন ১ লাখ ২৭ হাজার ৮২৮ টি ভোট, তার একমাত্র প্রতিদ্বন্দ্বী প্রার্থী বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ধানের শীষ প্রতীকের প্রার্থী অধ্যক্ষ আলমগীর হোসেন পেয়েছেন ১ লাখ ১ হাজার ৩৫৫ টি ভোট।
বিজয় পেয়ে মাসুদ সাঈদী বলেন, আল্লাহর শুকরিয়া আদায় করছি আমি বরাবরই বলেছি বিজয় আল্লাহর পক্ষ থেকে আসে। আমি মনে করি এটি আল্লাহ তাআলার পক্ষ থেকে আমার জন্য একটি অনুগ্রহ। পিরোজপুরের জনগণের মাধ্যমে তিনি আমাকে সুমহান বিজয় দান করেছেন।
পিরোজপুরের যে সকল জনগণ আমার উপর আস্থা রেখেছে তাদের প্রতি আমি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করছি। আমি পিরোজপুরের জনগণকে যে প্রতিশ্রুতি দিয়েছি আল্লাহ তা’আলা সুযোগ দিলে প্রত্যেকটি প্রতিশ্রুতি পূরণ করব। এখন পর্যন্ত ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ২৯৯ আসনের মধ্যে ২৮৯টি আসনের বেসরকারি ফলাফল ঘোষণা করা হয়েছে।
ঘোষিত ফলাফলে বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি ও তাদের জোটের প্রার্থীরা ২১০টি আসনে জয় পেয়েছেন। এরমধ্য দিয়ে বিএনপির নেতৃত্বে গঠিত হতে যাচ্ছে আগামী সরকার। এই নতুন সরকারের নেতৃত্ব দেবেন তারেক রহমান। এরমধ্য দিয়ে ৩৫ বছর পর পুরুষ প্রধানমন্ত্রী পেতে যাচ্ছে বাংলাদেশ।
Daily Bangladesh Bani বৈষম্য ও অন্যায়ের বিরুদ্ধে আমাদের দৈনিক প্রতিশ্রুতিবদ্ধ। আমরা সত্য ও ন্যায়ের পক্ষে দাঁড়িয়ে, সমাজের অন্ধকার দিকগুলো উন্মোচন করে প্রতিটি মানুষের সমান অধিকারের প্রচার করি।