শুক্রবার, জুলাই ১০, ২০২৬

বরিশাল জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদকের জামিন মঞ্জুর

নিজস্ব প্রতিবেদক : বিএনপি নেতাকর্মীদের ওপর সাত বছর আগে সংঘটিত হামলার অভিযোগে দায়ের করা মামলায় আত্মসমর্পণের পর জামিন পেয়েছেন কার্যক্রম নিষিদ্ধ বাংলাদেশ আওয়ামী লীগ-এর বরিশাল জেলা সাধারণ সম্পাদক ও সাবেক এমপি তালুকদার মোহাম্মদ ইউনুস।

সোমবার (২৩ ফেব্রুয়ারি) দুপুরে বরিশাল অতিরিক্ত চীফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত-এ আত্মসমর্পণ করলে বিচারক এস এম শরীয়াতুল্লাহ তার জামিন আবেদন মঞ্জুর করেন।

মামলা সূত্রে জানা গেছে, বিএনপি নেতাকর্মীদের ওপর হামলার সাত বছর পর ২০২৪ সালের ১১ নভেম্বর বরিশাল সদর উপজেলার টুঙ্গীবাড়িয়া ইউনিয়ন শ্রমিক দলের সভাপতি ছরোয়ার হোসেন আদালতে পাঁচ শতাধিক নেতাকর্মীর বিরুদ্ধে মামলা দায়ের করেন। আদালত অভিযোগটি এজাহার হিসেবে গ্রহণ করে তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য কোতোয়ালি মডেল থানা-র ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) নির্দেশ দেন।

মামলার প্রধান আসামি করা হয়েছে বরিশাল মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক সিটি মেয়র সেরনিয়াবাত সাদিক আব্দুল্লাহ-কে। এছাড়াও পাঁচ শতাধিক নেতাকর্মীকে আসামি করা হয়েছে।

এজাহারে অভিযোগ করা হয়, ২০১৭ সালের ৫ জানুয়ারি বেলা সাড়ে ১১টার দিকে বিএনপির নেতাকর্মীরা দলীয় কর্মসূচি পালনের উদ্দেশ্যে সদর রোডের দলীয় কার্যালয়ের দিকে রওনা হলে পথে আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের ৩০০-৪০০ নেতাকর্মী দেশীয় অস্ত্র নিয়ে হামলা চালায়। এতে বিএনপির দক্ষিণ জেলার সাবেক সভাপতি এবায়েদুল হক চাঁনসহ একাধিক নেতাকর্মী আহত হন। বাদীর অভিযোগ, হামলাকারীরা মারধর, জখম, চুরি, ক্ষতিসাধন ও প্রাণনাশের হুমকি প্রদান করে।

রাষ্ট্রপক্ষের আইনজীবী অ্যাডভোকেট নাজিম উদ্দিন আহমেদ পান্না জানান, জামিন বাতিলের আবেদন করা হলেও আদালত তা খারিজ করে জামিন মঞ্জুর করেছেন। অপরদিকে বরিশাল জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট সাদিকুর রহমান লিংকন বলেন, তারা জামিনের বিরোধিতা করলেও আদালত আইনানুগ প্রক্রিয়া ও বিচারিক নজির বিবেচনায় সিদ্ধান্ত দিয়েছেন।

জামিন লাভের পর তালুকদার মোহাম্মদ ইউনুস সাংবাদিকদের সঙ্গে কথা না বলে মোটরসাইকেলে করে দ্রুত আদালত প্রাঙ্গণ ত্যাগ করেন। ঘটনায় আদালতপাড়ায় ব্যাপক আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়েছে।

আরো পড়ুন

কাচিরচর ইউনিয়ন চেয়ারম্যান প্রার্থী হাবিবুর রহমানের লিফলেট বিতরণ

মুলাদী প্রতিনিধি: বরিশালের মুলাদী উপজেলায় ইউনিয়ন পরিষদ নির্বাচনকে কেন্দ্র করে ৭নং কাজিরচর ইউনিয়নে ব্যাপক গণসংযোগ …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *