বোরহানউদ্দিন প্রতিনিধি : ভোলার বোরহানউদ্দিন উপজেলার বড়মানিকা ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের দক্ষিণ বাটামারা গ্রামে চাঁদা না দেওয়ায় প্রতিপক্ষের জমি জবর দখলের চেষ্টার অভিযোগ করেন ব্যবসায়ী আবু তাহের (চুন্নু)। বোরহানউদ্দিন শাহবাজপুর প্রেসক্লাবে বৃহস্পতিবার (২৬ মার্চ) সন্ধ্যায় সংবাদ সম্মেলন করে অভিযোগ করেন ভুক্তভোগী আবু তাহের (চুন্নু)।
সংবাদ সম্মেলনে তিনি লিখিত বক্তব্যে বলেন, ২০০৭ সালে কুড়ালিয়া মৌজায় ৬৬ শতাংশ জমি ক্রয় করে তিনি দীর্ঘদিন যাবত ভোগ দখল করছেন। একই মালিক হতে প্রতিপক্ষ গ্রুপ আ. রশিদ, আ. মালেক,মো. রিয়াজ ও রাসেল গংরা ৯৭ শতাংশ জমি ক্রয় করে। প্রতিপক্ষরা ২০১৪ সালের ১৫ মে দা,বটি, রড নিয়ে তাদের উপর হামলা চালিয়ে জোরপূর্বক তাদের দখলীয় জমি দখলের জন্য হামলা করে।
ওই সময় চুন্নুর ভাতিজির পায়ের রগ কাটে ও হাত ভেঙ্গে দেয়। ওই ঘটনার মামলায় আদালতে দোষীদের সাজা হয়। এরপর এক দশক তাদের জমিতে প্রতিপক্ষরা আসেনি। ২০২৪ সালে ৫ আগষ্টের পর সন্ত্রাসী আ. রশিদ গং দেশীয় অস্ত্রসহ দলবল নিয়ে ফের তাদের জমি দখলের চেষ্টা করলে স্থানীয় নেতৃবৃন্দকে বিষয়টি জানালে সালিশ বিচারে উভয় পক্ষকে যার যার অবস্থানে থাকার নির্দেশ দেন।
ওই নির্দেশ অমান্য করে গত বুধবার (২৫ মার্চ) পুনরায় দেশীয় অস্ত্রসহ তাদের চাষাদের উপর হামলা করে জমি দখলের চেষ্টা করে। হামলায় প্রায় দুই লাখ টাকার ফসলের ক্ষতি হয় বলে চুন্নু দাবি করেন। তিনি আরও দাবি করেন, প্রতিপক্ষ গ্রুপ তাদের পরিবারের কাছে ৫০ লাখ টাকা চাঁদা দাবী করেন।
চাঁদা না পেয়ে তাদের পরিবারের লোকজনকে প্রাণনাশের হুমকি দিচ্ছে। তারা শান্তিপূর্ণভাবে বসবাসের জন্য স্থানীয় থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন। পুলিশ ঘটনাস্থলে গিয়ে তদন্ত করেছে। তারা এদের হাত থেকে মুক্তি পেতে প্রশাসনের হস্থক্ষেপ কামনা করছেন। তদন্তকারী কর্মকর্তা বোরহানউদ্দিন থানার এএসআই ছোবাহান জানান, তদন্তে জমির ফসলাদি নষ্ট করার সত্যতা পাওয়া গেছে।
Daily Bangladesh Bani বৈষম্য ও অন্যায়ের বিরুদ্ধে আমাদের দৈনিক প্রতিশ্রুতিবদ্ধ। আমরা সত্য ও ন্যায়ের পক্ষে দাঁড়িয়ে, সমাজের অন্ধকার দিকগুলো উন্মোচন করে প্রতিটি মানুষের সমান অধিকারের প্রচার করি।