মাহতাব হাওলাদার, মহিপুর : পটুয়াখালীর কুয়াকাটা সংলগ্ন বঙ্গোপসাগরে ধরা পড়েছে ২২ কেজি ৭০০ গ্রাম ওজনের এক বিশাল কোরাল মাছ, যা ২৯ হাজার ৫৩০ টাকায় বিক্রি হয়েছে।
বুধবার (১ এপ্রিল) সকাল ৯টার দিকে কুয়াকাটা মেয়র মৎস্য মার্কেটে মাছটি আনা হলে মুহূর্তেই সেটি দেখতে ভিড় জমে যায়। শেষ পর্যন্ত প্রতি কেজি ১,৩০০ টাকা দরে মোট ২৯,৫৩০ টাকায় মাছটি কিনে নেন ‘খান ফিস’-এর ব্যবসায়ী জাহাঙ্গীর খান।
জানা গেছে, এর আগের দিন মঙ্গলবার (৩১ মার্চ) দিবাগত ভোররাত ৪টার দিকে বঙ্গোপসাগর ও বলেশ্বর নদীর মোহনায় ফারুক মাঝি নামের এক জেলের জালে ধরা পড়ে। মূলত ইলিশের আশায় জাল ফেললেও ভাগ্য তাকে এনে দেয় এই বিরল আকারের কোরাল।
ফারুক মাঝি বলেন, ‘জাল তুলতেই দেখি বড় একটা মাছ লাফাচ্ছে। কাছে এনে বুঝি—এটা কোরাল! এত বড় মাছ পেয়ে সত্যিই খুব আনন্দ লাগছে।’
মাছটি দেখতে আসা স্থানীয় বাসিন্দা শাহিন বলেন, ‘এত বড় মাছ সচরাচর দেখা যায় না। কিন্তু দাম বেশি হওয়ায় আমাদের মতো মানুষের পক্ষে কেনা কঠিন। ভাগ করে বিক্রি করলে হয়তো স্বাদ নেওয়ার সুযোগ পেতাম।’
এদিকে ‘খান ফিস’-এর ম্যানেজার লিটন জানান, ঢাকায় বড় আকারের কোরালের চাহিদা থাকায় তারা সরাসরি জেলের কাছ থেকে মাছটি কিনেছেন। দ্রুতই এটি রাজধানীতে পাঠানো হবে।
বিশেষজ্ঞদের মতে, কোরাল মাছ শুধু আকারে নয়, পুষ্টিগুণেও অনন্য। এতে রয়েছে জিংক, আয়োডিন, ওমেগা-৩ ফ্যাটি অ্যাসিড ও সেলেনিয়াম, যা শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ানো থেকে শুরু করে হৃদযন্ত্র ভালো রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
পটুয়াখালী জেলা মৎস্য কর্মকর্তা বিজন কুমার নন্দী জানান, সরকারি বিধিনিষেধ মেনে মাছ ধরার কারণে সাগরে মাছের পরিমাণ বাড়ছে। জেলেদের সচেতনতা অব্যাহত থাকলে ভবিষ্যতে আরও বড় আকারের মাছ ধরা পড়ার সম্ভাবনা রয়েছে।
সমুদ্রের এই অপ্রত্যাশিত ‘উপহার’ একদিকে যেমন জেলের মুখে হাসি ফুটিয়েছে, তেমনি স্থানীয়দের মাঝেও সৃষ্টি করেছে ব্যাপক আলোড়ন।
Daily Bangladesh Bani বৈষম্য ও অন্যায়ের বিরুদ্ধে আমাদের দৈনিক প্রতিশ্রুতিবদ্ধ। আমরা সত্য ও ন্যায়ের পক্ষে দাঁড়িয়ে, সমাজের অন্ধকার দিকগুলো উন্মোচন করে প্রতিটি মানুষের সমান অধিকারের প্রচার করি।