সোমবার, মে ১১, ২০২৬

বিশ্ব মা দিবস সম্মাননা পেলেন সংগ্রামী মা শিউলি পারভীন

নিজস্ব প্রতিবেদক : বিশ্ব মা দিবস উপলক্ষে অসীম মমতা, আত্মত্যাগ ও সংগ্রামী মাতৃত্বের স্বীকৃতিস্বরূপ প্রতিবন্ধী দীপ্রার মা শিউলি পারভীনকে সম্মাননা প্রদান করেছে নারী ঐক্য পরিষদ বরিশাল শাখা। ১১ মে সোমবার বরিশালের হাসপাতাল রোডে নারী ঐক্য পরিষদ, বরিশাল শাখা কার্যালয়ে আয়োজিত মা দিবসের বিশেষ অবদান শীর্ষক অনুষ্ঠানে প্রধান অতিথি ও সংগঠনের সভাপতি অধ্যাপক ফয়জুন নাহার শেলী বলেন, “শিউলি পারভীনের জীবনের গল্প কেবল একজন মায়ের গল্প নয়।

এটি মানবিকতা, ধৈর্য ও ভালোবাসার এক অনন্য দৃষ্টান্ত। একজন বিশেষ চাহিদাসম্পন্ন সন্তানকে ঘিরে সমাজের নানা অবজ্ঞা, কষ্ট ও প্রতিকূলতার মধ্য দিয়েও তিনি যেভাবে মাতৃত্বের দায়িত্ব পালন করে যাচ্ছেন, তা আমাকে গভীরভাবে মুগ্ধ করেছে। একজন মা কতটা শক্তিশালী হতে পারেন, শিউলি পারভীন তার জীবন্ত উদাহরণ।”

শিউলি পারভীন পেশায় একজন কিন্ডারগার্টেন শিক্ষক। তার স্বামী আজীজ শাহিন বরিশাল সিটি কর্পোরেশনে কর্মরত। সীমিত আয়, সংসারের নিত্য সংগ্রাম আর সামাজিক বাস্তবতার ভেতর দিয়েই তাদের পথচলা। পরিবারের বড় মেয়ে বর্তমানে সা্উইস্ট ইউনিভারসিটির আর্কিটেকচার বিভাগের তৃতীয় বর্ষের শিক্ষার্থী।

আর ছোট মেয়ে দীপ্রা—একজন বিশেষ চাহিদাসম্পন্ন শিশু। দীপ্রাকে ঘিরেই যেন শিউলি পারভীনের জীবনের সবচেয়ে বড় যুদ্ধ। সমাজের অনেক মানুষ যখন কৌতূহল, অবহেলা কিংবা বাঁকা চোখে তাকিয়েছে, তখনও একজন মা হিসেবে তিনি হার মানেননি। সন্তানের প্রতি মানুষের অবজ্ঞা, সামাজিক নিকৃষ্টতা, কটু কথা আর মানসিক চাপ নীরবে সহ্য করে তিনি চেষ্টা করেছেন দীপ্রাকে একজন পূর্ণ মানুষ হিসেবে গড়ে তুলতে।

একটি শিশুর হাসির আড়ালে কত রাতের কান্না লুকিয়ে থাকে, তা হয়তো কেবল একজন মা-ই জানেন। দীপ্রার চিকিৎসা, শিক্ষা, মানসিক বিকাশ এবং স্বাভাবিক জীবনের জন্য প্রতিনিয়ত সংগ্রাম করেছেন শিউলি পারভীন। কখনও অর্থকষ্ট, কখনও সামাজিক প্রতিবন্ধকতা—তবুও মায়ের ভালোবাসা থেমে থাকেনি। অনুষ্ঠানে বক্তারা বলেন, বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের প্রতি সমাজের দৃষ্টিভঙ্গি এখনও অনেক ক্ষেত্রে নেতিবাচক।

অথচ এই শিশুদের সবচেয়ে বেশি প্রয়োজন ভালোবাসা, সহমর্মিতা এবং মর্যাদা। শিউলি পারভীনের মতো মায়েরা সেই মানবিকতার প্রতীক, যারা প্রতিকূলতার মধ্যেও সন্তানকে বাঁচিয়ে রাখেন স্বপ্ন আর ভালোবাসায়। অনুষ্ঠানে বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের প্রতিনিধিবৃন্দ, শিক্ষক, সাংবাদিক ও সুধীজন উপস্থিত ছিলেন।

আরো পড়ুন

কলাপাড়ায় সড়ক আটকে ঘর নির্মাণ, ১৭ বছর ধরে ভোগান্তিতে দুই পরিবার

বিশ্বাস শিহাব পারভেজ মিঠু, কলাপাড়া : কলাপাড়া পৌর শহরের চিংড়িয়া এলাকায় সড়ক আটকে বসতঘর নির্মাণের …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *