মঙ্গলবার, জুন ৩০, ২০২৬

বাবুগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচন: চেয়ারম্যান পদে আলোচনার কেন্দ্রবিন্দুতে বিএনপি নেতা ওয়াহিদুল ইসলাম প্রিন্স।

বাবুগঞ্জ (বরিশাল) প্রতিনিধি:
নির্বাচনের তফসিল এখনো ঘোষণা না হলেও বরিশালের বাবুগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচনকে ঘিরে স্থানীয় রাজনৈতিক অঙ্গন, চায়ের দোকান এবং সাধারণ মানুষের আলোচনায় বইতে শুরু করেছে নির্বাচনী হাওয়া। সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থীদের নিয়ে চলছে নানা জল্পনা-কল্পনা। এ আলোচনায় সবচেয়ে বেশি উচ্চারিত নামগুলোর একটি হলো বাবুগঞ্জ উপজেলা বিএনপির বর্তমান সদস্য সচিব ওয়াহিদুল ইসলাম প্রিন্স।
স্থানীয় রাজনৈতিক পর্যবেক্ষক, ব্যবসায়ী, তৃণমূলের নেতাকর্মী ও সাধারণ মানুষের একটি অংশের দাবি, আগামী উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে তিনি একজন শক্তিশালী সম্ভাব্য প্রার্থী।
রাজনৈতিক বিশ্লেষকদের মতে, ওয়াহিদুল ইসলাম প্রিন্স দীর্ঘদিনের সাংগঠনিক রাজনীতির মধ্য দিয়ে নিজেকে প্রতিষ্ঠিত করেছেন। আওয়ামী লীগ সরকারের সময় রাজনৈতিক প্রতিকূলতা, মামলা-হামলা ও নানা চাপের মধ্যেও তিনি বাবুগঞ্জ উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেন। কঠিন সময়ে দলীয় নেতাকর্মীদের পাশে থেকে সাংগঠনিক কার্যক্রম সচল রাখার কারণে তিনি তৃণমূলে একজন বিশ্বস্ত ও সাহসী নেতা হিসেবে পরিচিতি লাভ করেন।
দলীয় নেতাকর্মীদের মতে, বরিশাল-৩ (বাবুগঞ্জ-মুলাদী) আসনের বর্তমান সংসদ সদস্য আলহাজ্ব জয়নুল আবেদীনের নির্বাচনী বিজয়ে ওয়াহিদুল ইসলাম প্রিন্স গুরুত্বপূর্ণ সাংগঠনিক ভূমিকা পালন করেন। নির্বাচনী প্রচারণা, ইউনিয়নভিত্তিক সমন্বয়, তৃণমূলকে সক্রিয় রাখা এবং ভোটারদের সম্পৃক্ত করার ক্ষেত্রে তাঁর ভূমিকার কথা স্থানীয় নেতাকর্মীরা উল্লেখ করেন।
২০২৪ সালের ৫ আগস্টের রাজনৈতিক পটপরিবর্তনের পর বাবুগঞ্জে আইন-শৃঙ্খলা ও সামাজিক স্থিতিশীলতা বজায় রাখতে তিনি সক্রিয় ভূমিকা পালন করেছেন বলে দলীয় সূত্রের দাবি। বর্তমানে তিনি বাবুগঞ্জ উপজেলা বিএনপির ৩১ সদস্যবিশিষ্ট আহ্বায়ক কমিটির সদস্য সচিব হিসেবে দায়িত্ব পালন করছেন। কমিটির আহ্বায়ক ও সাবেক উপজেলা চেয়ারম্যান মো. সুলতান আহমেদ খানের সঙ্গে সমন্বয় করে দলীয় শৃঙ্খলা বজায় রাখা এবং জনস্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন কর্মকাণ্ডে অংশগ্রহণ করে আসছেন।
স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা যায়, ওয়াহিদুল ইসলাম প্রিন্স একজন সদালাপী, সমাজসেবামূলক কর্মকাণ্ডে সম্পৃক্ত এবং সাধারণ মানুষের কাছে সহজে পৌঁছানো যায় এমন ব্যক্তি হিসেবে পরিচিত। রহমতপুর, চাঁদপাশা, কেদারপুরসহ উপজেলার বিভিন্ন ইউনিয়নে মানুষের সুখ-দুঃখে তাঁকে পাশে পাওয়া যায় বলে স্থানীয়রা জানান।
অনেকের প্রত্যাশা, তিনি উপজেলা চেয়ারম্যান নির্বাচিত হলে বাবুগঞ্জকে বৈষম্যহীন, মাদকমুক্ত ও আধুনিক একটি মডেল উপজেলা হিসেবে গড়ে তুলতে কাজ করবেন।
নির্বাচনে অংশগ্রহণের সম্ভাবনা সম্পর্কে জানতে চাইলে ওয়াহিদুল ইসলাম প্রিন্স বলেন,”আমি পদের জন্য রাজনীতি করি না। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শ বুকে ধারণ করে দেশনায়ক তারেক রহমানের নেতৃত্বে জনগণের সেবা করতে চাই। এলাকার মানুষ ও দলের নেতাকর্মীদের ভালোবাসাই আমার সবচেয়ে বড় প্রাপ্তি। দল যদি আমার ওপর আস্থা রেখে মনোনয়ন দেয়, তাহলে বাবুগঞ্জবাসীর সেবার লক্ষ্যে উপজেলা চেয়ারম্যান পদে নির্বাচন করতে প্রস্তুত আছি।”
স্থানীয় ভোটারদের একাংশের ধারণা, দলমত নির্বিশেষে সাধারণ মানুষের এই সমর্থন যদি নির্বাচনের দিন ব্যালট বাক্সে প্রতিফলিত হয়, তবে আগামী উপজেলা পরিষদ নির্বাচনে ওয়াহিদুল ইসলাম প্রিন্স চেয়ারম্যান পদে অন্যতম শক্তিশালী প্রার্থী হিসেবে আবির্ভূত হতে পারেন।

আরো পড়ুন

আইনজীবী নাথুরাম ভৌমিক না ফেরার দেশে চলে গেছেন

বিশ্বাস শিহাব পারভেজ মিঠু,কলাপাড়া  পটুয়াখালী  জেলা আইনজীবী সমিতির সদস্য, কলাপাড়া আইনজীবী সমিতির বারবার নির্বাচিত সাবেক …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *