বানারীপাড়া প্রতিনিধি:বরিশাল জেলার বানারীপাড়া উপজেলার ইলুহার ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের বেপারী বাড়িতে জমিজমা সংক্রান্ত শত্রুতার জেরে সংবদ্ধ হামলার ঘটনা ঘটেছে। গত ১৪ আগস্ট রাত আনুমানিক ১১টার দিকে পরিকল্পিতভাবে চালানো এই হামলায় একই পরিবারের তিন সদস্য মারাত্মক আহত হয়েছেন। আহতরা হলেন স্থানীয় মৃত্য মোহাম্মদ আলী বেপারীর ছেলে ফজলুল হক (৫৫) তাঁর স্ত্রী রেবেকা সুলতানা (৪৫) এবং ছেলে মোঃ রাব্বি (২৭)। স্থানীয় ও ভুক্তভোগী পরিবার সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে চলে আসা জায়গা-জমির বিরোধের জেরে প্রতিপক্ষ দেশীয় ধারালো দা ও লাঠিসোটা নিয়ে ফজলুল হকের বসতবাড়িতে হামলা চালায়। অভিযুক্তদের মধ্যে রয়েছে নিজাম বেপারী ও তাঁর ছেলে সবুজ বেপারী, হাবিব বেপারীর ছেলে দুলাল বেপারী, ইউসুফ বেপারী ও শহিদুল বেপারী, ইউসুফ বেপারীর ছেলে ফাহিম বেপারী, শহিদুলের স্ত্রী রিপা, ইউসুফ বেপারীর স্ত্রী মোমেনা এবং নেয়ামত বেপারীর স্ত্রী ইয়াসমিন। অভিযোগ উঠেছে, ভুক্তভোগীদের আড়ালের উদ্দেশ্যে এবং আহতের ডাক চিৎকার যাতে বাইরে না পৌঁছায়, সে জন্য হামলাকারীরা উচ্চ শব্দে সাউন্ড বক্স বাজিয়ে এই তান্ডব চালায়। শুধু তা-ই নয়, হামলার সময় আশেপাশের বাড়ির লোকজন যাতে উদ্ধার করতে না আসতে পারে, সেজন্য সন্ত্রাসীরা পূর্বেই খালের ওপর থাকা সাঁকোটি সরিয়ে চলাচল বিচ্ছিন্ন করে দেয়।হামলাকারীরা ভুক্তভোগীদের এলোপাতাড়ি কুপিয়ে ও পিটিয়ে রক্তাক্ত জখম করার পাশাপাশি ঘরে থাকা নগদ ৪০ হাজার টাকা, ১ ভরি ওজনের স্বর্ণের চেইন এবং ৮ আনা ওজনের কানের দুল ছিনিয়ে নেয়। খবর পেয়ে লবনসাড়া পুলিশ ক্যাম্পের এসআই আরাফাত দ্রুত ঘটনাস্থল পরিদর্শন করেন এবং সেখান থেকে হামলায় ব্যবহৃত একটি দেশীয় দা উদ্ধার করেন। এ ঘটনায় ভুক্তভোগী পরিবারের পক্ষ থেকে বানারীপাড়া থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
বানারীপাড়া থানার কর্মকর্তা ইনচার্জ (ওসি) মজিবুর রহমান জানান, “ঘটনার খবর পাওয়া গেছে। ভুক্তভোগীদের পক্ষ থেকে লিখিত অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে এবং দোষীদের আইনের আওতায় এনে উপযুক্ত শাস্তি নিশ্চিত করা হবে।
Daily Bangladesh Bani বৈষম্য ও অন্যায়ের বিরুদ্ধে আমাদের দৈনিক প্রতিশ্রুতিবদ্ধ। আমরা সত্য ও ন্যায়ের পক্ষে দাঁড়িয়ে, সমাজের অন্ধকার দিকগুলো উন্মোচন করে প্রতিটি মানুষের সমান অধিকারের প্রচার করি।