বৃহস্পতিবার, অক্টোবর ১, ২০২৬

রিশাল সদরে যুব উদ্যোক্তা উন্নয়ন প্রকল্পের সমাপনী সভা

নিজস্ব প্রতিবেদক: বরিশাল সদর উপজেলায় যুব উদ্যোক্তাদের জন্য আর্থিক সুযোগ সৃষ্টি ও দক্ষতা উন্নয়ন বিষয়ক প্রকল্পের উপজেলা পর্যায়ের সমাপনী সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকাল ১১টায় বরিশাল সদর উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে ব্র্যাকের দক্ষতা উন্নয়ন কর্মসূচি (এসডিপি) ও এডুকেশন অ্যাবাভ অল (ইএএ)-এর উদ্যোগে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় উপজেলা পর্যায়ের সরকারি কর্মকর্তা, প্রকল্পের উপকারভোগী, আর্থিক প্রতিষ্ঠানের প্রতিনিধি, বাজার কমিটির সদস্য, স্থানীয় গণমাধ্যমকর্মী এবং ব্র্যাকের প্রতিনিধিরা অংশ নেন।
সভায় প্রকল্পের সামগ্রিক কার্যক্রম, অর্জন, বাস্তবায়নে বিভিন্ন চ্যালেঞ্জ ও অভিজ্ঞতা তুলে ধরা হয়। পাশাপাশি প্রকল্পের মাধ্যমে যুব উদ্যোক্তাদের ওপর কী ধরনের প্রভাব পড়েছে, তা পর্যালোচনা করা হয়। ভবিষ্যতে এ ধরনের কর্মসূচি আরও কার্যকরভাবে বাস্তবায়নের জন্য বিভিন্ন সুপারিশ ও করণীয় নিয়েও আলোচনা করা হয়।
অনুষ্ঠানের শুরুতে অতিথিদের স্বাগত জানানো, আসন গ্রহণ ও নিবন্ধন কার্যক্রম অনুষ্ঠিত হয়। পরে অংশগ্রহণকারীদের পরিচিতি পর্ব শেষে স্বাগত বক্তব্য দেন ব্র্যাকের ডেপুটি ম্যানেজার রফিকুল ইসলাম।অনুষ্ঠানে উদ্বোধনী বক্তব্য দেন বরিশাল সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ফরিদা সুলতানা। পরে মাল্টিমিডিয়া উপস্থাপনার মাধ্যমে প্রকল্পের সামগ্রিক কার্যক্রম, অর্জন, চ্যালেঞ্জ ও বাস্তবায়নকালীন অভিজ্ঞতা তুলে ধরেন ব্র্যাকের দক্ষতা উন্নয়ন কর্মসূচির (এসডিপি) জেলা ব্যবস্থাপক রুপেশ বিশ্বাস। অনুষ্ঠানে ধন্যবাদ জ্ঞাপন করেন ব্র্যাকের জেলা সমন্বয়কারী (বিডিসি) রিসান রেজা মো. সাহেদ।
সভায় বক্তারা বলেন, যুবকদের দক্ষতা বৃদ্ধি, উদ্যোক্তা হিসেবে গড়ে তোলা এবং তাদের জন্য সহজে আর্থিক সহায়তার সুযোগ তৈরি করা গেলে কর্মসংস্থান সৃষ্টি ও স্থানীয় অর্থনীতিকে আরও শক্তিশালী করা সম্ভব। একই সঙ্গে প্রকল্পের অংশীদার, উপকারভোগী ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের মতামত গ্রহণের মাধ্যমে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করা হয়।

আরো পড়ুন

বিএম কলেজের অধ্যক্ষ অধ্যাপক ড. শেখ মো. তাজুল ইসলামকে অবসরজনিত বিদায় সংবর্ধনা

মোঃ মেহেরাব হোসেন রিফাত : সরকারি ব্রজমোহন (বিএম) কলেজ, বরিশালের অধ্যক্ষ অধ্যাপক ড. শেখ মো. …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *