নিজস্ব প্রতিবেদক : বরিশাল নগরীর খালেদাবাদ রিফিউজি কলোনি ও আশপাশের এলাকায় মাদক ব্যবসায়ী, সন্ত্রাসী ও সন্দেহভাজন অপরাধীদের বিরুদ্ধে আকস্মিক সাঁড়াশি অভিযান চালিয়েছে বরিশাল মেট্রোপলিটন পুলিশ (বিএমপি)। এ অভিযানে পাঁচজনকে আটক করা হয়েছে।
সোমবার (২৪ আগস্ট) রাত ৮টা থেকে প্রায় দুই ঘণ্টাব্যাপী এ অভিযান পরিচালনা করা হয়। বরিশাল মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (দক্ষিণ) বেলাল হোসাইন, পিপিএমের সার্বিক তত্ত্বাবধানে এবং সহকারী পুলিশ কমিশনার অলক কান্তি শর্মার নেতৃত্বে একটি বিশেষ আভিযানিক দল এ অভিযান পরিচালনা করে।
অভিযানে আটকরা হলেন— মো. রফিকুল ইসলাম ওরফে ‘গাঁজা রফিক’, মো. রিফাত হোসেন বিল্লাল (১৮), মো. মিঠুন মৃধা (৩১), মো. রাব্বি খান (২৩) ও মো. ইমরান (২৬)।
মিডিয়া সেল জানায়, অভিযানের সময় স্থানীয় জনগণ স্বতঃস্ফূর্তভাবে পুলিশকে বিভিন্ন তথ্য দিয়ে সহযোগিতা করেন। এসব তথ্যের ভিত্তিতে চিহ্নিত মাদক ব্যবসায়ী, সন্ত্রাসী ও সন্দেহভাজন অপরাধীদের বিরুদ্ধে অভিযান পরিচালনা করা হয়।
এদিকে গত ২৪ ঘণ্টায় বরিশাল মহানগর পুলিশের চারটি থানা ও গোয়েন্দা শাখার পৃথক অভিযানে আরও ৮ জন অভিযুক্তকে গ্রেফতার করা হয়েছে।
বিএমপি পুলিশের মিডিয়া সেলের তথ্য অনুযায়ী, পৃথক এসব অভিযানে ৫ পিস কথিত ইয়াবা ট্যাবলেটসহ একজনকে গ্রেফতার করা হয়।
এছাড়া গ্রেফতারি পরোয়ানায় তিনজন, নিয়মিত ও পূর্বের মামলায় চারজন, অন্যান্য আইনে একজন এবং বরিশাল মহানগর অধ্যাদেশ আইনে চারজনকে আটক করা হয়েছে। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে পুলিশ।
বরিশাল মহানগর পুলিশ জানিয়েছে, নগরীর সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, মাদক ও অপরাধ দমন এবং অপরাধীদের আইনের আওতায় আনতে এ ধরনের বিশেষ অভিযান অব্যাহত থাকবে।
Daily Bangladesh Bani বৈষম্য ও অন্যায়ের বিরুদ্ধে আমাদের দৈনিক প্রতিশ্রুতিবদ্ধ। আমরা সত্য ও ন্যায়ের পক্ষে দাঁড়িয়ে, সমাজের অন্ধকার দিকগুলো উন্মোচন করে প্রতিটি মানুষের সমান অধিকারের প্রচার করি।