নিজস্ব প্রতিবেদক : বরিশালে জাতীয়তাবাদী শ্রমিক দলের বিক্ষোভ মিছিলে স্লোগান দেওয়ার সময় হঠাৎ অসুস্থ হয়ে আবদুর রাজ্জাক সরদার (৫০) নামে এক নেতার মৃত্যু হয়েছে। রোববার (২৭ সেপ্টেম্বর) দুপুরে নগরীর কালীবাড়ি রোড এলাকায় এ ঘটনা ঘটে। নিহত আবদুর রাজ্জাক সরদার বরিশাল সদর উপজেলার কাশিপুর ইউনিয়ন শ্রমিক দলের সভাপতি ছিলেন।
বরিশাল জেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম জানান, ‘দেশি-বিদেশি ষড়যন্ত্র, পরিকল্পিত সন্ত্রাস ও নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগের নৈরাজ্যের’ প্রতিবাদে দুপুরে নগরীর সদর রোডে শ্রমিক সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশ শেষে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়।
তিনি বলেন, মিছিলের প্রথম সারিতে তার পাশেই ছিলেন আবদুর রাজ্জাক। ‘দুনিয়ার মজদুর এক হও, লড়াই করো’ স্লোগান দিয়ে মিছিলে এগিয়ে যাচ্ছিলেন তিনি। মিছিলটি কালীবাড়ি রোড এলাকায় পৌঁছালে হঠাৎ অসুস্থ হয়ে মাটিতে লুটিয়ে পড়েন রাজ্জাক। পরে তাকে দ্রুত হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
সাইফুল ইসলাম আরও জানান, দলীয় কর্মসূচিতে অংশ নেওয়ার দৃশ্য আবদুর রাজ্জাক তার ব্যক্তিগত ফেসবুক আইডি থেকেও সরাসরি সম্প্রচার করছিলেন।
এদিকে আবদুর রাজ্জাকের আকস্মিক মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক এবং বরিশাল সিটি কর্পোরেশনের প্রশাসক অ্যাডভোকেট বিলকিস আক্তার জাহান শিরীন।
এক শোকবার্তায় তিনি বলেন, মো. রাজ্জাক হাওলাদার জাতীয়তাবাদী শ্রমিক দলের একজন নিবেদিতপ্রাণ ও প্রাণবন্ত নেতা ছিলেন। সংগঠনের প্রতি তার অবদান এবং সাধারণ মেহনতি মানুষের কল্যাণে তার ভূমিকা স্মরণীয় হয়ে থাকবে। তার মৃত্যুতে স্থানীয় রাজনৈতিক ও সামাজিক অঙ্গনে যে শূন্যতার সৃষ্টি হয়েছে, তা সহজে পূরণ হওয়ার নয়।
শোকবার্তায় অ্যাডভোকেট বিলকিস আক্তার জাহান শিরীন মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবার, আত্মীয়স্বজন ও শুভানুধ্যায়ীদের প্রতি গভীর সমবেদনা জানান। তিনি মরহুমের জন্য জান্নাতুল ফেরদাউস কামনা করেন এবং শোকাহত পরিবারকে এ অপূরণীয় ক্ষতি সহ্য করার তাওফিক কামনা করেন।
রাজ্জাকের আকস্মিক মৃত্যুতে জেলা ও কেন্দ্রীয় শ্রমিক দলের নেতারাও গভীর শোক প্রকাশ করেছেন।পারিবারিক সূত্রে জানা গেছে, রোববার রাতে সদর উপজেলার ঝরঝড়িয়াতলা এলাকায় জানাজা শেষে তার দাফন সম্পন্ন হওয়ার কথা রয়েছে।
Daily Bangladesh Bani বৈষম্য ও অন্যায়ের বিরুদ্ধে আমাদের দৈনিক প্রতিশ্রুতিবদ্ধ। আমরা সত্য ও ন্যায়ের পক্ষে দাঁড়িয়ে, সমাজের অন্ধকার দিকগুলো উন্মোচন করে প্রতিটি মানুষের সমান অধিকারের প্রচার করি।