বৃহস্পতিবার, নভেম্বর ১৯, ২০২৬

৮ থেকে ২৯ অক্টোবর ইলিশ আহরণ, মজুদ ও বিক্রি বন্ধ

হিজলা প্রতিনিধি: ইলিশের প্রধান প্রজনন মৌসুমে মা ইলিশ সংরক্ষণ ও জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে বরিশালের হিজলা উপজেলায় জনসচেতনতামূলক সভা (২০২৬) অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (১ অক্টোবর), হিজলা উপজেলার গৌরবদী ইউনিয়নের শাওড়া বাজার সংলগ্ন অরাকুল মাছ ঘাটে এ সভা অনুষ্ঠিত হয়।

হিজলা উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ইলিয়াস সিকদার এর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন বরিশালের জেলা প্রশাসক মো. মামুন খন্দকার।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরিশাল জেলার পুলিশ সুপার এ জেড এম মোস্তাফিজুর রহমান, জেলা মৎস্য কর্মকর্তা মো. হাদিউজ্জামান, বরিশাল সদর উপজেলা মৎস্য কর্মকর্তা মো. জামাল হোসাইন এবং হিজলা উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক আলতাফ হোসেন খোকন।

প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক মো. মামুন খন্দকার বলেন, মা ইলিশ সংরক্ষণ অভিযান সফল করতে প্রশাসনের পাশাপাশি জেলে, মৎস্য ব্যবসায়ী ও স্থানীয় জনগণের সহযোগিতা প্রয়োজন। প্রজনন মৌসুমে ইলিশ আহরণ বন্ধ রাখলে ভবিষ্যতে ইলিশের উৎপাদন আরও বৃদ্ধি পাবে। তিনি জেলেদের নিষেধাজ্ঞার সময় নদীতে না নামার এবং সরকারি নির্দেশনা মেনে চলার আহ্বান জানান।

হিজলা উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক আলতাফ হোসেন খোকন বলেন, মা ইলিশ রক্ষায় সরকারের নির্ধারিত নিষেধাজ্ঞা বাস্তবায়নে জেলে ও মৎস্য ব্যবসায়ীদের সচেতন হতে হবে। ইলিশ রক্ষার স্বার্থে সবাইকে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানান তিনি।

সভায় বক্তারা বলেন, ইলিশ বাংলাদেশের ঐতিহ্য ও অর্থনীতির গুরুত্বপূর্ণ সম্পদ। ইলিশের উৎপাদন বৃদ্ধি এবং প্রজনন নির্বিঘ্ন করতে নির্ধারিত সময়ে মা ইলিশ সংরক্ষণ অত্যন্ত জরুরি। এ সময় জেলেদের আইন মেনে চলার পাশাপাশি অভিযান সফল করতে প্রশাসনকে সহযোগিতা করার আহ্বান জানানো হয়।

সভায় জানানো হয়, ৮ অক্টোবর থেকে ২৯ অক্টোবর ২০২৬ পর্যন্ত মা ইলিশ সংরক্ষণ অভিযান চলবে। এ সময় সকল প্রকার ইলিশ আহরণ, মজুদ ও বিক্রি বন্ধ থাকবে। নিষেধাজ্ঞা কার্যকর করতে প্রশাসনের পক্ষ থেকে নিয়মিত অভিযান পরিচালনার কথাও জানানো হয়।

এ সময় উপস্থিত ছিলেন জাতীয় মৎস্যজীবী সমিতির হিজলা উপজেলা শাখার আহ্বায়ক শাজাহান রেজা, সদস্য সচিব সোলাইমান জমাদার, উপজেলা জাতীয়তাবাদী মৎস্যজীবী দলের আহ্বায়ক মো. রফিক সরদার, ক্ষুদ্র মৎস্যজীবী সমিতি হিজলা উপজেলার আহ্বায়ক মো. রফিকুল ইসলাম, সদস্য সচিব মো. বাশার বাঘাসহ গৌরবদী ইউনিয়নের মৎস্য ব্যবসায়ী ও জেলেরা।

আরো পড়ুন

বরিশালে আদালতের বিচারক নিখোঁজ, থানায় জিডি

নিজস্ব প্রতিবেদক : বরিশালে শেখ ফারহান নাদীম নামে এক বিচারক নিখোঁজ হয়েছেন। তিনি বরিশাল জেলা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *