শুক্রবার, অক্টোবর ৯, ২০২৬

কুয়াকাটা পর্যটন কার্নিভাল ঘিরে জমজমাট প্রস্তুতি

মাহতাব হাওলাদার, মহিপুর : দীর্ঘ নয় বছর পর আবারও কুয়াকাটা সমুদ্রসৈকতে বসতে যাচ্ছে ‘কুয়াকাটা পর্যটন কার্নিভাল ২০২৬’। আগামী ২৩ ও ২৪ অক্টোবর দুই দিনব্যাপী এ আয়োজনকে ঘিরে সাগরকন্যা কুয়াকাটায় চলছে জোর প্রস্তুতি। সৈকত ও আশপাশের এলাকায় চলছে সাজসজ্জা, পরিচ্ছন্নতা ও বিভিন্ন আয়োজনের প্রস্তুতি।

উৎসবকে সামনে রেখে পর্যটননির্ভর এ নগরীও ধীরে ধীরে পাচ্ছে নতুন রূপ। বাংলাদেশ পর্যটন করপোরেশনের আয়োজনে অনুষ্ঠিতব্য এ কার্নিভালের মূল লক্ষ্য কুয়াকাটার পর্যটন সম্ভাবনাকে দেশ-বিদেশের পর্যটকদের কাছে তুলে ধরা এবং কুয়াকাটাকে আরও আকর্ষণীয় ও আধুনিক পর্যটন গন্তব্য হিসেবে প্রতিষ্ঠা করা।

আয়োজকদের ধারণা, কার্নিভালকে কেন্দ্র করে দুই দিনে পাঁচ থেকে ছয় লাখ পর্যটকের সমাগম হতে পারে। কার্নিভাল উপলক্ষে বিভিন্ন ক্রীড়া, সাংস্কৃতিক ও বিনোদনমূলক আয়োজন থাকছে। এর মধ্যে বিচ ম্যারাথন, বিচ ফুটবল, বিচ ক্রিকেট, বিচ ভলিবল, ফুড ফেস্টিভ্যাল, ঘুড়ি উৎসব, চিত্রাঙ্কন প্রতিযোগিতা, পুঁথি পাঠ, বাউল গানের আসর ও সাংস্কৃতিক অনুষ্ঠানসহ নানা আয়োজনের কথা রয়েছে।

হেলথ ট্যুরিজম নিয়েও বিশেষ আয়োজন থাকবে। কার্নিভাল সফল করতে ইতোমধ্যে পর্যটকদের নিরাপত্তা, যাতায়াত, আবাসন, খাবার, পরিচ্ছন্নতা ও অনুষ্ঠানস্থল ব্যবস্থাপনা নিয়ে সংশ্লিষ্টদের মধ্যে প্রস্তুতি ও সমন্বয় চলছে। স্থানীয় পর্যটন ব্যবসায়ী, হোটেল-মোটেল মালিক, ট্যুর গাইডসহ পর্যটনসংশ্লিষ্ট বিভিন্ন অংশীজনও প্রস্তুতি নিচ্ছেন।

কুয়াকাটার বিস্তৃত সমুদ্রসৈকত, একই স্থান থেকে সূর্যোদয় ও সূর্যাস্ত দেখার সুযোগের পাশাপাশি গঙ্গামতি, লেম্বুর বন, আন্দারমানিক নদীর মোহনা, রাখাইন সংস্কৃতি ও বৌদ্ধ মন্দিরসহ রয়েছে নানা পর্যটন আকর্ষণ। এসব সম্ভাবনাকে সামনে রেখে নিয়মিত বড় আয়োজন ও পর্যটন অবকাঠামোর উন্নয়ন করা গেলে কুয়াকাটাকে সারা বছরব্যাপী পর্যটন গন্তব্য হিসেবে গড়ে তোলা সম্ভব বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

দীর্ঘ বিরতির পর পর্যটন কার্নিভাল ফিরে আসায় স্থানীয় ব্যবসায়ী ও পর্যটনসংশ্লিষ্টদের মধ্যেও দেখা দিয়েছে নতুন প্রত্যাশা। তাদের আশা, কার্নিভালকে ঘিরে পর্যটকের আগমন বাড়ার পাশাপাশি স্থানীয় অর্থনীতি ও পর্যটন ব্যবসায়ও নতুন গতি ফিরবে।

এখন শেষ মুহূর্তের প্রস্তুতিতে ব্যস্ত সাগরকন্যা কুয়াকাটা। সমুদ্রের ঢেউ, সূর্যোদয়-সূর্যাস্তের সৌন্দর্য আর উৎসবের রঙে আগামী ২৩ ও ২৪ অক্টোবর দুই দিন মুখর হয়ে উঠবে দেশের অন্যতম জনপ্রিয় এই পর্যটনকেন্দ্র।

আরো পড়ুন

দাওয়াতি তৎপরতার মাধ্যমে বরিশাল অঞ্চলকে ইসলামী আন্দোলনের দুর্গে পরিণত করতে হবে- অ্যাডভোকেট আকন্দ 

নিজস্ব প্রতিবেদক।। বাংলাদেশ জামায়াতে ইসলামীর বরিশাল অঞ্চলের উদ্যোগে বরিশাল বিভাগের ছয় জেলা ও মহানগরীর নেতৃবৃন্দকে …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *