ফরিদ আহমেদ, নেছারাবাদ : পিরোজপুরের নেছারাবাদে মিথ্যা, বিভ্রান্তিকর ও মানহানিকর সংবাদ প্রকাশের অভিযোগে সংবাদ সম্মেলন করেছেন উপজেলা বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক ও ব্যবসায়ী মো. নাসির উদ্দিন তালুকদার (৫৯)। বৃহস্পতিবার (৮ অক্টোবর) সকাল ১০টায় নেছারাবাদ উপজেলা বিএনপির দলীয় কার্যালয়ে এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।
এ সময় উপজেলা ও পৌর বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে নাসির উদ্দিন তালুকদার অভিযোগ করেন, স্থানীয় মো. নিয়াজ মোর্শেদ দেলোয়ার নিজেকে সাংবাদিক পরিচয় দিয়ে বিভিন্ন ব্যক্তি ও গণ্যমান্য ব্যক্তির বিরুদ্ধে অপপ্রচার চালিয়ে আসছেন। এর আগেও তাঁর নাম ও ছবি ব্যবহার করে সামাজিক যোগাযোগমাধ্যমে মিথ্যা ও মানহানিকর তথ্য প্রচার করা হয়েছে বলে অভিযোগ করেন তিনি।
নাসির উদ্দিন তালুকদার বলেন, তিনি নেছারাবাদ উপজেলা বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক। পাশাপাশি তিনি পোল্ট্রি ফিড ও ঠিকাদারি ব্যবসার সঙ্গে যুক্ত। তিনি অভিযোগ করেন, গত ৭ অক্টোবর দৈনিক আশ্রয় প্রতিদিন পত্রিকায় ‘মন্ত্রীর নির্দেশ উপেক্ষা করে শহীদ স্মৃতি কলেজে ছাত্রলীগ বাণিজ্য, সাবেক বহিষ্কৃত নেতার নিয়োগ প্রক্রিয়ায় লক্ষ লক্ষ টাকা হাতানোর অভিযোগ’ শিরোনামে একটি সংবাদ প্রকাশিত হয়। ওই প্রতিবেদনে তাঁর ছবি ব্যবহার করা হলেও সংবাদটির বিষয়বস্তুর সঙ্গে তাঁর কোনো সম্পৃক্ততা নেই। এমনকি সংবাদ প্রকাশের আগে তাঁর বক্তব্যও নেওয়া হয়নি বলে দাবি করেন তিনি।
নাসির উদ্দিনের দাবি, তাঁকে সামাজিক, রাজনৈতিক ও ব্যক্তিগতভাবে হেয়প্রতিপন্ন করার উদ্দেশ্যেই তাঁর ছবি ব্যবহার করে ওই সংবাদ প্রকাশ করা হয়েছে। এর ফলে তাঁর সামাজিক ও রাজনৈতিক সুনাম ক্ষুণ্ন হয়েছে বলেও দাবি করেন তিনি। তিনি আরও জানান, বিষয়টি পত্রিকাটির ভারপ্রাপ্ত প্রকাশক ও সম্পাদক অ্যাডভোকেট নওশিন তাবাসসুম নাফিছকে অবহিত করা হলে তিনি প্রকাশিত সংবাদের জন্য দুঃখ প্রকাশ করেন। একই সঙ্গে মো. নিয়াজ মোর্দেশ দেলোয়ারকে পত্রিকাটির প্রতিনিধি পদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে এবং ৮ অক্টোবর পত্রিকায় এ বিষয়ে বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে বলে সংবাদ সম্মেলনে জানানো হয়।
নাসির উদ্দিন তালুকদার বলেন, প্রকাশিত সংবাদের কারণে তাঁর সামাজিক, রাজনৈতিক ও ব্যবসায়িক সুনাম ক্ষতিগ্রস্ত হয়েছে। এ ঘটনায় তিনি আইনগত ব্যবস্থা নেওয়ার প্রস্তুতি নিচ্ছেন এবং প্রায় এক কোটি টাকার মানহানির মামলা করার কথা জানান। সংবাদ সম্মেলনে তিনি প্রকাশিত সংবাদের তীব্র প্রতিবাদ ও নিন্দা জানান। একই সঙ্গে ভবিষ্যতে তাঁর নাম, ছবি ব্যবহার করে কোনো ধরনের মিথ্যা, বিভ্রান্তিকর বা মানহানিকর সংবাদ প্রকাশ না করার জন্য সংশ্লিষ্টদের প্রতি আহ্বান জানান।
Daily Bangladesh Bani বৈষম্য ও অন্যায়ের বিরুদ্ধে আমাদের দৈনিক প্রতিশ্রুতিবদ্ধ। আমরা সত্য ও ন্যায়ের পক্ষে দাঁড়িয়ে, সমাজের অন্ধকার দিকগুলো উন্মোচন করে প্রতিটি মানুষের সমান অধিকারের প্রচার করি।